ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে বন্ধ দেড়কোটি টাকার অক্সিজেন প্ল্যান্ট
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ২০২২ সালে ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থাপন করা হয় অক্সিজেন প্ল্যান্ট। তিন বছর ধরে রোগীদের সেবা দিলেও কারিগরি জনবল ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন বন্ধ গুরুত্বপূর্ণ এই সেবা ব্যবস্থা। এতে একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, অন্যদিকে জরুরি মুহূর্তে বিকল্প অক্সিজেন সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দক্ষ অপারেটর ও নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া এটি চালু রাখা সম্ভব নয়।
হাসপাতাল ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ২০২২ সালের শুরুতে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) চুক্তির আওতায় প্ল্যান্টটি স্থাপন করে মেসার্স আল-মদিনা ট্রেডার্স। প্রাকৃতিক বাতাস থেকে অক্সিজেন উৎপাদন ও পরিশোধনের পর পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে সরবরাহের জন্য এটি স্থাপন করা হয়। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর ঠিকাদারি প্রতিষ্ঠানের নিজস্ব প্রকৌশলী ও টেকনিশিয়ানদের মাধ্যমে প্ল্যান্টটি সচল রাখা হয়। তবে ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কারিগরি লোকজনের আসা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে এটি বন্ধ হয়ে পড়ে।
হাসপাতালের তৎকালীন আবাসিক চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম চয়ন বলেন, ২০২৪ সালের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপট পরিবর্তনের পর টেকনিশিয়ানদের আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। মেশিনে বড় কোনো জটিল সমস্যা নেই। যথাযথ টেকনিক্যাল টিম ও অপারেটর দিলে মাত্র কয়েকদিনের মধ্যেই এটি পুনরায় সচল করা সম্ভব। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব সামর্থ্যে একা এটি চালু রাখা সম্ভব নয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান বলেন, বিদ্যুৎ-চালিত এই প্ল্যান্ট নিয়মিত চালাতে তিন শিফটে অন্তত তিন থেকে চারজন দক্ষ অপারেটর প্রয়োজন। কিন্তু হাসপাতালে নিজস্ব কোনো টেকনিশিয়ান নেই। নিয়মিত তদারকি ও লগবই মেইনটেন না করে মেশিনটি চালালে শর্টসার্কিট, আগুন লাগা, এমনকি ভয়াবহ বিস্ফোরণের ঝুঁকি থাকে।
আরও পড়ুনমেশিনটি বন্ধ থাকার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। পুনরায় রিমাইন্ডার দিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধও করা হয়েছে। তবে এখনও কোনো সমাধান আসেনি। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আল-মদিনা ট্রেডার্সের প্রতিনিধি ওমর ফারুক বলেন, সিএমএসডির সাথে চুক্তি অনুযায়ী তিন বছরের ওয়ারেন্টি মেয়াদে তাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে প্ল্যান্টটি সচল রাখা হয়েছিল।
পাশাপাশি হাসপাতালের তিনজন কর্মীকে এটি পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়। মেয়াদ শেষে সিএমএসডির ভেরিফিকেশন টিম সরেজমিন তদন্ত করে সব সন্তোষজনক পাওয়ায় আমাদের ১০ শতাংশ পারফরম্যান্স গ্যারান্টির টাকা ছাড় করে দেয়। চুক্তি শেষ হওয়ায় এখন এটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব সরকারি দপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষের।
হাসপাতাল সূত্র জানায়, প্ল্যান্টটি প্রায় এক মাস বন্ধ থাকার পর ২০২৪ সালের ৩১ আগস্ট হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদপত্র পাঠান। এরপরও প্ল্যান্টটি চালুর উদ্যোগ নেওয়া হয়নি।
মন্তব্য করুন







