প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় অ্যাওয়ার্ড গ্রহণ করলেন বগুড়ার দুই প্রতিনিধি
শহর প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তরুণ স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনগুলোর মাঝে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রদান এবং অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সমাজসেবা ও জনকল্যাণ বিভাগে অবদানের জন্য সারা দেশের ১৫ জন সেরা স্বেচ্ছাসেবীর একজন হিসেবে বগুড়ার তরুণ মো. আতিকুল ইসলাম বিপ্লব এবং যুব সংগঠন ‘নারী শক্তি’র প্রতিনিধি মোছা. আফছানা আক্তার সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা স্মারক, সনদ ও পুরস্কার গ্রহণ করেন। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক স্বেচ্ছাসেবীকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।
একই সাথে ২০২৫-২৬ অর্থবছরের নির্বাচিত যুব সংগঠনগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ উপলক্ষে শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক ভিডিও কনফারেন্স ও চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্র থেকে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয়ভাবে বগুড়া প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাস স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও যুব প্রতিনিধিরা।
আরও পড়ুনজেলা প্রশাসক তার বক্তব্যে জানান, যুবকল্যাণ তহবিল থেকে চলতি অর্থবছরে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত ৪৩২টি যুব সংগঠনের মধ্যে প্রতীকীভাবে তিনটি সংগঠনকে ২ লাখ টাকা এবং বাকি সংগঠনগুলোর প্রত্যেককে ৭৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
বিশেষ ও সাধারণ ক্যাটাগরিতে বগুড়া জেলার মোট ১৫টি যুব সংগঠন অনুদান পেয়েছে। এর মধ্যে টিওরপাড়া যুব উন্নয়ন সংস্থা ও নারী শক্তি যুব সংস্থাকে ২ লাখ টাকা, আদর্শ যুব সমিতি এবং সোশ্যাল ওমেন অর্গানাইজেশন ফর ভিলেজ অ্যাডভান্সমেন্ট (সোভা)-কে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।
এ ছাড়া ৭৫ হাজার টাকা করে অনুদানের চেক পেয়েছে ১০টি সংগঠন। এগুলো হলো— জমিরবাড়িয়াহাট জনকল্যাণ যুব সংঘ, আশার আলো যুব উন্নয়ন সংস্থা, স্বপ্ন যুব উন্নয়ন সংস্থা, ছাতিয়ানতলা দুস্থ কল্যাণ যুব উন্নয়ন মহিলা সমিতি লিঃ, শান্তি সংঘ যুব সমাজ কল্যাণ পরিষদ, ঢেকড়া যুব সমাজ কল্যাণ পরিষদ, নিমাইদীঘী আশার আলো বহুমুখী সমবায় সমিতি লিঃ, সাফল্য বহুমুখী যুব উন্নয়ন সংস্থা, উদয়ন যুব মহিলা পরিষদ, সৌহার্দ্য যুব সংস্থা এবং নারায়ণপুর মহিলা উন্নয়ন সংস্থা। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ এসব সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের প্রতীকী চেক তুলে দেন।
মন্তব্য করুন







