ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৬ ০৬:০৫ পিএম

‘ইতিহাসের সেরা আমিই’, দাবি রোনালদোর

রোনালদো

সম্প্রতি আন্তর্জাতিক বিরতির মাঝপথে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে যান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা পরিষদ।

এর আগে পর্তুগালের কোচ হোর্হে জেসুসের বিরুদ্ধে কথা না রাখা এবং ঘটনা সম্পর্কে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগও তুলেছিলেন রোনালদো।

 

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের গোলসংখ্যা ও ফর্ম নিয়ে কথা বলেন আল নাসরের এই তারকা।

তিনি বলেন, ‘মানুষ আমার বর্তমান ফর্ম, আমার গোলগুলোকে যথাযথ মূল্যায়ন করছে না।’

 

ক্লাব ও জাতীয় দলের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে রয়েছেন রোনালদো।

এখন পর্যন্ত ১ হাজার ৩৩৭ ম্যাচে তার গোল ৯৮০টি। তবে হাজার গোলের লক্ষ্যে ছুটছেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সবকিছু স্বাভাবিকভাবেই ঘটতে হবে।’

 

এরপর নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে রোনালদো বলেন, ‘আমার গোলসংখ্যা ৯২০ হোক, ৯২৫ বা ৯৩০, ইতিহাসের সেরা আমিই, এটাই শেষ কথা। সংখ্যাগুলোই সব বলে দেয়। ১ হাজার গোলে পৌঁছাতে পারলে দারুণ হবে, এটা একটা লক্ষ্য। তবে আমি দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে ভাবি না।’

আরও পড়ুন

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলা রোনালদো গত মাসে জানিয়েছিলেন, আগামী জুনে ক্লাব মৌসুম শেষে ‘সম্ভবত’ অবসরে যাবেন। তবে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে এবারও নিশ্চিত কিছু বলেননি তিনি।

রোনালদোর ভাষায়, ‘আগামীকাল কী হবে, তা আমি জানি না। হয়তো ঘুম থেকে উঠে দেখলাম, আর অনুপ্রেরণা পাচ্ছি না, খেলতেই চাইছি না। আমি সত্যিই জানি না।’

পর্তুগালের ক্যাম্প ছাড়ার ঘটনা নিয়ে পর্তুগিজ সংবাদমাধ্যমে দেওয়া ১ হাজার ৭৪০ শব্দের বিবৃতিতেও নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন রোনালদো। সেখানে জাতীয় দল থেকে অবসরের পরিকল্পনা নেই জানিয়ে বিদায়ী ম্যাচের ইচ্ছা প্রকাশ করেন তিনি। তার আশা, পর্তুগালের হয়ে ‘একটি বা একাধিক বিদায়ী ম্যাচ’ খেলার সুযোগ পাবেন।

বিবৃতিতে রোনালদো আরও জানান, নেশনস লিগে নরওয়ের বিপক্ষে জয়ের ম্যাচে তাকে না খেলানোর জন্য কোচ জেসুসের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। একই সঙ্গে পেলে ও দিয়েগো ম্যারাডোনার মতো মর্যাদায় তাকে বিবেচনা করার প্রত্যাশাও তুলে ধরেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পেলে ও ম্যারাডোনার পাশাপাশি রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নামও আলোচনায় আসে।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পর্তুগালের হয়ে ২০০৩ সাল থেকে খেলে এখন পর্যন্ত করেছেন ১৪৬ গোল। ক্লাব ক্যারিয়ারে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো দলে খেলেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইতিহাসের সেরা আমিই’, দাবি রোনালদোর

১

রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

২

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৫৩

৩

‘বার্থডে গার্ল’ লুকে উষ্ণতা ছড়ালেন অপু বিশ্বাস

৪

কর কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

৫

বগুড়ার চারমাথায় তৈরি হবে অত্যাধুনিক বাস টার্মিনাল : নির্বাহী ম্যাজিস্ট্রেট

৬