ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০৭:১১ পিএম

পুষ্টি চাহিদা পূরণে বগুড়ার বাজারে কদর বেড়েছে কলার মোচা ও থোড়ের

সংগৃহীত,পুষ্টি চাহিদা পূরণে বগুড়ার বাজারে কদর বেড়েছে কলার মোচা ও থোড়ের

স্টাফ রিপোর্টার : একসময় অভাবী মানুষের খাবার হিসেবে পরিচিত ছিল কলার মোচা ও থোড়। বর্তমান যুগে ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবারের ভিড়ে অনেকটাই আড়ালে চলে যায় পুষ্টিকর এই খাবার। তবে আবারও সবজির বাজারে জায়গা করে নিচ্ছে কলার মোচা ও থোড়। পুষ্টি ও স্বাস্থ্যসচেতন মানুষের জনপ্রিয় খাবার এখন এসব ফেলনা সবজি।

বগুড়ার শহরের বিভিন্ন বাজারে কলার মোচা ও থোড় নিয়মিতভাবে বিক্রি হচ্ছে এখন। দামও নাগালের মধ্যে। ১০-৩০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে সবজি দু’টি। শহরের ফতেহ আলী বাজারের সামনে, রেললাইন বাজার, সন্ধ্যার পর কাঁঠালতলাসহ শহরের অনেক বাজারের বড় বড় সবজির দোকানেও দেখা মেলে কলার মোচা ও থোড়ের। এমনকি গ্রাম-গঞ্জের হাট-বাজারেও বিক্রি বেড়েছে এসব সবজির। 

তবে অনেকেই এই দুটি সবজিকে একই বলে গুলিয়ে ফেলেন। দুটি সবজিই কলাগাছের সম্পূর্ণ ভিন্ন অংশ। মোচা হলো কলাগাছের ফুল। কলার ছড়া বের হওয়ার আগে বা পরে যে গাঢ় লাল-বেগুনি রঙের অংশটি ঝুলে থাকে, সেটাই মোচা। আর কলার থোড় হলো কলাগাছের ভেতরের নরম সাদা মজ্জা বা কাণ্ড। ফলন হিসেবে কলা পাওয়ার পর গাছ কেটে তার ভেতরের আঁশযুক্ত অংশটি বের করে খাওয়া হয়।

কলার মোচা ও থোড়ের তরকারি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করে, প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার বা আঁশ, যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে দেয় না। ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি আদর্শ সবজি। মোচার ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরিপাকতন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে। কলার থোড়ের রস কিডনির পাথর প্রতিরোধে এবং লিভার সুস্থ রাখতেও ভূমিকা রাখে। ক্যালোরির পরিমাণ খুবই কম কিন্তু পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে এই খাবার, যা ওজন কমানোর জন্য সহায়ক। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্র ভালো রাখে।
শহরের রেললাইন বাজারে মোচা ও থোড় বিক্রির জন্য আসা আহাদুল হক বলেন, বগুড়ায় বিপুল পরিমাণ জমিতে কলা চাষ হয়, বিশেষ করে শিবগঞ্জ ও এর আশেপাশে কলা চাষের ব্যাপক পরিচিতি রয়েছে। এখনও অনেক বাগানে বিনাপয়সায় কলার থোড় ও মোচা পাওয়া যায়, আবার কেউ টাকা দাবি করেন। তবে থোড় গাছ কেটে বের করা কঠিন হওয়ায় এখনও ফ্রি পাওয়া যায়। আর মোচা ৩-৫ টাকা পিস হিসেবে কিনে নিতে হয়। সময়ভেদে বাজারে সেই মোচা ১৫-২০ টাকায় বিক্রি করি।

আরও পড়ুন

সবচেয়ে বেশি দামে বিক্রি হয় বিচি কলার (আঠিয়া কলা) মোচা। তবে এটা বাণিজ্যিকভাবে চাষ না হওয়ায় কম পাওয়া যায়। তিনি বলেন, প্রতিদিন ৩০-৪০ পিস পর্যন্ত মোচা বিক্রি হয়। এক হাত লম্বা থোড় বিক্রি হয় ১০ থেকে ১৫ টাকায়। কোনো কোনো সময় ২০ টাকায়ও বিক্রি করি।

আরেক বিক্রেতা মিনার হোসন বলেন, তিনি আগে যখন মোচা ও থোড় নিয়ে বাজারে আসতেন, তখন অনেক লজ্জায় কিনতে চাইতেন না। বিশেষ করে থোড় কেনার আগে ডানে বামে তাকাতেন কেউ দেখছেন কি-না। আর এখন তারাই আমাদেরকে খুঁজে বের করেন। আগামীকাল কখন আসব জিজ্ঞাসা করেন। এখন বিক্রি নিয়ে আর ভাবতে হয় না। তবে গ্রাম-গঞ্জে ঘুরে ঘুরে সংগ্রহ করতেই যা কষ্ট হয়। 
ওষুধের বিক্রয় প্রতিনিথি সারোয়ার রহমান বলেন, আয়রন ও পুষ্টিগুণসমৃদ্ধ ও পেট পরিষ্কার রাখায় আমি নিয়ম করে থোড় কিনে খাই। বাড়িতেও খুব পছন্দ করে। চিংড়ি মাছ ও ডাল দিয়ে রান্না করলে খেতে দারুণ স্বাদ লাগে।

থোড় ও মোচা কিনতে আসা শামিম হোসেন বলেন, তিনি রক্তস্বল্পতায় ভুগছেন শরীরে আয়রনের ঘাটতি পূরণ ও রক্ত বাড়াতে মোচা ও থোড় নিয়মিতই খান। তার স্ত্রী যখন গর্ভবর্তী ছিল তখন ডাক্তার তার স্ত্রীকে কলার মোচা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তারপর থেকে নিয়মিতই তার বাড়িতে এর রান্না হয়। 
বউ বাজারের সবজি ব্যবসায়ী পুটু মিয়া বলেন, আগের দিনে কলার মোচা ও থোড় গরীবের খাবার হিসেবে পরিচিত থাকলেও, এখন সব মানুষের কাছে এর কদর বেড়েছে। বিশেষ করে নানা মাধ্যমে এর পুষ্টিগুণ জানার পর মানুষ খুঁজে খুঁজে এসব সবজি কিনছেন। বাধ্য হয়ে তারা দোকানে নিয়মিত কলার মোচা ও থোড় রাখার চেষ্টা করেন। 
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, মোচা ও থোড় দুটিই নির্ভেজাল সবজি। এগুলো মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্থ জীবনধারা বজায় রাখতে দারুণ সাহায্য করে। থোড় ধীরে হজম হওয়ায় অনেক সময় না খেয়ে থাকা যায়। এটি পুষ্টিগুণ ও আয়রনসমৃদ্ধ খাবার। এ খাবারে কোনো কীটনাশক নেই। ধীরে ধীরে এই খাবারের চাহিদা বাড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনী একাডেমিতে কর্মকর্তাদের ওসমানী স্বর্ণপদক প্রদান

১

জয়পুরহাটের পাঁচবিবিতে চালককে অবচেতন করে ভ্যান ছিনতাই

২

ভারতের স্যাটেলাইট ধ্বংসাবশেষ থেকে রক্ষা পেল বাংলাদেশ স্যাটেলাইট-১

৩

বগুড়ায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে স্কুল হেলথ ক্লিনিক

৪

বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: আইনমন্ত্রী

৫

বগুড়ার শাজাহানপুরে দুর্গাপূজায় থাকছে সিসি ক্যামেরাসহ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

৬