বগুড়ার সারিয়াকান্দিতে ডিবি পরিচয়ে মোবাইল ফোন ছিনতাই করতে গিয়ে যুবক কারাগারে
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোবাইল ফোন ছিনতাই করতে গিয়ে মতিউর রহমান (৩৮) নামের একজন যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের পারতিত পরল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ধৃত মতিউর রহমানের সাথে ফেসবুক মার্কেট প্লেসে মোবাইল ফোনে সাজিদের কথা হয়। মোবাইল ফোনে চুক্তি হয় যে, সাজিদের আইফোন ১৩ এক্সচেঞ্জ করে তার সাথে ২৫০০ টাকা যোগ করে তাকে স্যামসং আলট্রা দিবে।
কথামতো সাজিদ তার বন্ধু একই গ্রামের ইমন মিয়াকে সাথে নিয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তারা বগুড়া মহানগরে পৌঁছে। সেখানে রায়হান নামের এক যুবক তাদের রিসিভ করে জানায়, মোবাইল ফোন পেতে হলে তাদের সারিয়াকান্দিতে যেতে হবে।
পরে তারা মতিউর রহমানের সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে গাবতলি উপজেলা থেকে আসিফ নামের আরও একজন তাদের সাথে যুক্ত হয়। অটোরিকশা যোগে তারা সরাসরি কালিতলা নৌঘাটে চলে আসে। কিন্তু মোবাইল এক্সচেঞ্জ না করে তারা সময় ক্ষেপণ করতে থাকে। একসময় তারা অটোরিকশা নিয়ে সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামে যায়। সেখানে রায়হান, আসিব এবং অজ্ঞাত একজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।
আরও পড়ুনএরপর তারা সাজিদ এবং ইমনের দেহ তল্লাশি করার এক পর্যায়ে ধারালো অস্ত্র বের করে তাদের মোবাইল ছিনতাই করার চেষ্টা করে। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে রায়হান এবং আসিবসহ অন্যরা ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পরে। কিন্তু নিজের অটোরিকশার জন্য মতিউর রহমান পালাতে না পারায় অটোরিকশাসহ মতিউর রহমানকে এলাকাবাসী আটক করে সারিয়াকান্দি থানায় খবর দেয়।
সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মতিউর রহমানকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। পরে সাজিদ বাদি হয়ে মতিউর রহমানকে প্রধান আসামি করে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা চালককে গ্রেফতার করে এবং ঘটনার শিকার দুজনকে উদ্ধার করে সারিয়াকান্দি থানায় নিয়ে আসে। মামলা দায়েরের পর আসামি মতিউর রহমানকে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।
মন্তব্য করুন









_medium_1790159799.jpg)