নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১ হাজার ১৭০ ইয়াবাসহ গ্রেফতার ৯
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা পুলিশের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ভিত্তিতে শহরের মাদকের আখড়া নামে পরিচিত নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ।
এসময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তিনজন এবং মাদক সেবন ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে আরও ৬ জনসহ মোট ৯জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গতকাল শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত নওগাঁ ডিবির ইনচার্জ ও নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ডিবি ও সদর থানা পুলিশ ওই এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে অভিযান চালানোর সময় মুনি (৪৫) নামে এক নারীকে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো চারটি প্যাকেটে মোট ১ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার সহযোগী হিসেবে মানিক (৩৮) ও শাওন (৪২) নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনগ্রেফতার মুনির বাড়ি সুইপার কলোনিতে। মানিকের বাড়ি নওগাঁ শহরের বাগবাড়ি পূর্বপাড়ায় এবং শাওনের বাড়ি খাস নওগাঁ এলাকায় বলে জানিয়েছে পুলিশ। এছাড়া একই অভিযানে সুইপার কলোনি এলাকা থেকে মাদক সেবন ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরও জানান, জেলাজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করার অংশ হিসেবে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন







