ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৩ পিএম

আরাফাত রহমান কোকোর নামে সারা দেশে শুরু হচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

আরাফাত রহমান কোকোর নামে সারা দেশে শুরু হচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্কঃ দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটারদের বড় মঞ্চে খেলার সুযোগ করে দিতে আরাফাত রহমান কোকোর নামে সারা দেশে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার দল অংশ নেবে।

বিভাগীয় পর্ব শেষে চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব, যেখানে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

শনিবার মিরপুরে টুর্নামেন্টের পরিকল্পনার কথা জানান বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে খেলোয়াড়দের জন্য কোনো নির্দিষ্ট শ্রেণিভিত্তিক বাধ্যবাধকতা থাকবে না। জাতীয় দল, প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়েরা খেলতে পারবেন, যদি তাঁরা ওই সময়ে খেলার জন্য অ্যাভেইলেবল থাকেন।

 

টুর্নামেন্টে দেশের আটটি প্রশাসনিক বিভাগের পাশাপাশি ফরিদপুর ও কুমিল্লাকে আলাদা অঞ্চল হিসেবে ধরে মোট ১০টি বিভাগীয় পর্ব আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আয়োজকদের ব্যাখ্যা, জেলা সংখ্যার ভারসাম্য ও সাংগঠনিক সুবিধা বিবেচনা করেই এই কাঠামো করা হচ্ছে।

বিভাগীয় পর্ব শেষে ১০ চ্যাম্পিয়ন দলকে নিয়ে ঢাকায় হবে কেন্দ্রীয় পর্ব।

 

এ প্রসঙ্গে সরফরাজ আহমেদ বলেন, ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তারা এসেছেন আমাদের সঙ্গে পরামর্শ করতে। উনার নামে একটি টুর্নামেন্ট করতে চাচ্ছি। আগামী ডিসেম্বর মাসে হয়তো আমরা এই টুর্নামেন্টটা শুরু করব। এই টুর্নামেন্টটা ১০টি বিভাগে অনুষ্ঠিত হবে। ১০টি বিভাগের প্রত্যেকটি জেলা অংশগ্রহণ করবে। এরপর সেখান থেকে চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে চূড়ান্ত পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল হবে।’

টুর্নামেন্টটির অন্যতম লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়া, ‘এর মাধ্যমে হয়তো আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ক্রিকেটার আছে, যারা খেলার সুযোগ পায় না, তারা খেলতে পারবে এরকম একটি সুন্দর টুর্নামেন্টে।’

আয়োজকদের পক্ষ থেকে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর জানান, গত ১২ বছর ধরে বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে কোকোর স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছেন তাঁরা। করোনাকালীন সময়ে অবশ্য কার্যক্রম বন্ধ ছিল। এবার সেই আয়োজনকে এক ছাতার নিচে এনে বড় পরিসরে করার পরিকল্পনা গ্রহণ করেছেন তাঁরা।

আরও পড়ুন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত দিনেও বাংলাদেশে অনেক বিক্ষিপ্তভাবে এই টুর্নামেন্ট হয়েছে। কিন্তু এটাকে আন্ডার দ্য ওয়ান আমব্রেলা আমরা চেষ্টা করছি যে আরাফাত রহমান কোকো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টটা সারা বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সবার সহযোগিতায় আগামী ডিসেম্বর মাসে আমাদের প্ল্যান হচ্ছে এই টুর্নামেন্টকে মাঠে নিয়ে যাওয়ার।’

টুর্নামেন্টটি বিসিবির অধীনে নয় বলেও পরিষ্কার করেছেন ট্রাস্টের কোঅর্ডিনেটর, ‘এটা সম্পূর্ণ আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের আন্ডারে হবে। এটার আয়োজক হচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।’

তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে খেলা শুরুর পরিকল্পনা থাকলেও ওই সময়ে কোন কোন ভেন্যু পাওয়া যাবে, তা বিবেচনা করে মাঠ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। একই সঙ্গে প্রাইজমানি ও অন্যান্য বিস্তারিত বিষয়ও পরে ঘোষণা করা হবে।

আরাফাত রহমান কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। তাঁর সময়ে বয়সভিত্তিক ক্রিকেট ও খেলোয়াড় তৈরির কাঠামো উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন তৈরিতেও তাঁর অবদানের কথা সাম্প্রতিক সময়ে স্মরণ করেছে বিসিবি।

কোকোর স্মৃতিকে সারা দেশের ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ট্রাস্টের কোঅর্ডিনেটর, ‘আমরা সবাই একটা জায়গায় আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি মাত্র কারণে—আরাফাত রহমান কোকো সাহেবের স্মৃতিটাকে সারা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে, সারা বাংলাদেশের খেলোয়াড়দের কাছে পৌঁছে দিতে। তাঁর ক্রিকেট ও খেলাধুলার প্রতি যে অবদান ছিল, তার প্রতি কৃতজ্ঞতা জানানোর এটি একটি প্রয়াস।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাফাত রহমান কোকোর নামে সারা দেশে শুরু হচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

বগুড়ায় ব্যবস্থাপনা সংকটে বাস্তবায়ন অনিশ্চিত ১শ’ মেগাওয়াট সোলার প্যানেল প্রকল্প

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নে সহযোগিতা চাইলেন ধর্ম প্রতিমন্ত্রী

নীলফামারীর ডিমলায় মাদক সেবনের অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ

‘বিটিভি’র ‘দ্য মিউজিক লিজেণ্ডস’-এ গাইলেন সাব্বির-স্মরণ