ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৯ পিএম

বিশ্ববাজারে গমের চড়া দরে দেশের বাজারে বাড়তি আটা-ময়দার দাম

বিশ্ববাজারে গমের চড়া দরে দেশের বাজারে বাড়তি আটা-ময়দার দাম

স্টাফ রিপোর্টার : চালের পর দেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য গম। তবে অভ্যন্তরীণ চাহিদার বেশিরভাগই আমদানিনির্ভর হওয়ায় বিশ্ববাজারের সামান্য অস্থিরতাতেই দেশীয় বাজারে তার লক্ষ্যণীয় প্রভাব পড়ে। আন্তর্জাতিক বাজারে গমের দরবৃদ্ধিতে আমদানির উচ্চ খরচের প্রভাবে সম্প্রতি বাজারে আটা ও ময়দার দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) নিজস্ব বাজারদর মনিটরিং প্রতিবেদনেও এই চিত্র উঠে এসেছে।

আন্তর্জাতিক বাজারের তথ্য বলছে, বিশ্বব্যাংক ও ফিউচার্স মার্কেটে গমের গড় আন্তর্জাতিক বেঞ্চমার্ক দর বর্তমানে প্রতি মেট্রিকটনে ২৬০ থেকে ৩২০ মার্কিন ডলারে গিয়ে ঠেকেছে, যা এক থেকে দুই মাস আগেও ছিল ২৩০ থেকে ২৫০ ডলার। অর্থাৎ, আন্তর্জাতিক বাজারে প্রতি টন গমে প্রায় ৩০ থেকে ৭০ ডলার পর্যন্ত দাম বেড়েছে। এর পাশাপাশি সমুদ্রপথে জাহাজ ভাড়া বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম ও মংলা বন্দরে এসে পৌঁছানো গমের সিঅ্যান্ডএফ খরচ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার পুরো প্রভাব পড়েছে স্থানীয় বাজারে।

কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে গমের বার্ষিক চাহিদা ৭০ থেকে ৮০ লাখ টন, যার মধ্যে দেশীয় উৎপাদন মাত্র ১০ থেকে ১২ লাখ টন। ফলে চাহিদার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশই আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে গমের দর বৃদ্ধি এবং সমুদ্রপথে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সামগ্রিক আমদানি ব্যয় বেড়েছে। বিশ্ববাজারের এই প্রভাব সরাসরি স্থানীয় খুচরা ও পাইকারি পর্যায়ে পড়ছে।

টিসিবি’র হালনাগাদ তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে খোলা আটার দাম কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকা বেড়ে এখন ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে বাজারে প্যাকেটজাত আটা ৫৫ থেকে ৬৫ টাকা এবং খোলা ও প্যাকেটজাত ময়দার দর স্থানভেদে ৫৮ থেকে ৭০ টাকায় ঠেকেছে।

বগুড়ার বাজারে প্রতিকেজি খোলা আটা ৪৮ থেকে ৫০ টাকা এবং প্যাকেট প্রতি এক কেজি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা ময়দা ৭০ টাকা এবং প্যাকেট এদিন ৭৫ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। আর লাল আটার কেজি ৬৫ টাকা।

বগুড়ার সোনালী ফ্লাওয়ার মিলস মালিক কর্তৃপক্ষ বাজারে গমের চড়া দাম প্রসঙ্গে জানান, বর্তমানে বন্দরগুলোতে খালাস হওয়া গমের এলসি মূল্য এবং পরিবহন খরচ আগের চেয়ে অনেক বেশি। এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে মিল পরিচালনা ব্যয়ও বেড়েছে। কাঁচামাল বেশি দামে কিনে আগের দামে আটা-ময়দা সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন

তারা আরও বলছেন, আন্তর্জাতিক বাজারে গমের দরবৃদ্ধির পাশাপাশি ডলারের বাড়তি হারের কারণে এলসি খুলতে আগের চেয়ে অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। এছাড়াও ভারত থেকে গম আমদানি মাত্র শুরু হলেও দেশটিতে দর বেশি থাকায় এখনো কাক্সিক্ষত সুফল পাওয়া যাচ্ছে না।

মিল থেকে আটা-ময়দার সরবরাহ মূল্য বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারেও। বগুড়া শহরের রাজা বাজারের খাদ্যশস্য বিক্রেতা মো. আব্দুস ছালাম বলেন, আমরা মিলারদের কাছ থেকে বস্তা কিনে এনে পাইকারি বিক্রি করি। মিল-গেটেই গত কয়েক সপ্তাহের ব্যবধানে ৩৭ কেজির বস্তাপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বেশি দামে কেনায় আমাদেরও বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

একই বাজারের খুচরা বিক্রেতা পুটু মিয়া বলেন, গত প্রায় এক মাস ধরে দফায় দফায় আটা-ময়দার দাম বেড়েছে। সাধারণ ক্রেতারা বাজারে এসে বাড়তি দাম শুনে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিদিন ক্রেতাদের সাথে দাম নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে। বস্তাপ্রতি কেনা খরচ বেড়ে যাওয়ায় কেজিতে অল্প লাভ রেখেও আমাদের আটা ৪৫-৫০ টাকা ও ময়দা ৭০ টাকায় বিক্রি করতে হচ্ছে। আমরা যেমন দামে কিনি, তার ওপর ভিত্তি করেই বিক্রি করতে হয়।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজার নিয়ন্ত্রণ ও নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকারিভাবে খোলা বাজারে আটা বিক্রি (ওএমএস) ও টিসিবি’র ভ্রাম্যমাণ ট্রাক সেলেও স্বল্পমূল্যে আটা বিক্রির উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে আমদানি নির্ভরতা কমাতে দেশীয় গম উৎপাদন বৃদ্ধি এবং গবেষণায় সুদূরপ্রসারী পরিকল্পনার পরামর্শও দিচ্ছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে গমের চড়া দরে দেশের বাজারে বাড়তি আটা-ময়দার দাম

বগুড়ায় ২ বছরে দেড় হাজার অগ্নিকান্ড, ক্ষতি ১৮ কোটি টাকা, উদ্ধার ২৬ কোটি ২২ লাখ টাকার সম্পদ

বগুড়া মহানগরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল রান্না করবেন যেভাবে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২

ই-বাইকের ব্যাটারি দ্রুত নষ্ট হচ্ছে? আয়ু বাড়াতে খেয়াল রাখুন ৪টি বিষয়ে