ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৫ পিএম

প্রান্তিক স্বাস্থ্যসেবায় জরুরি অক্সিজেন সহায়তা পৌঁছে দিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও আইসিডিডিআর,বি-এর যৌথ উদ্যোগ

প্রান্তিক স্বাস্থ্যসেবায় জরুরি অক্সিজেন সহায়তা পৌঁছে দিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও আইসিডিডিআর,বি-এর যৌথ উদ্যোগ

দেশের প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অক্সিজেনের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এই উদ্যোগের আওতায় ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ৮০টি উচ্চক্ষমতার অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ ও স্থাপন করা হবে।

প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ, যা শ্বাসতন্ত্রের রোগের প্রকোপের সময় আরও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ৬ থেকে ২৪ মাস বয়সী শিশু ও অল্পবয়সী বাচ্চাদের মধ্যে শ্বাসতন্ত্রের জটিলতা বেশি পরিলক্ষিত হয়। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অন-সাইট অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহের ফলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে প্রয়োজনের সময়ে দ্রুত ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা পৌঁছে যাবে। পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা ও স্থিতিস্থাপকতাও আরও শক্তিশালী হবে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান, আইসিডিডিআর,বি-এর কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা ও মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে বিশেষ দক্ষতা রয়েছে। সংস্থাটি অক্সিজেন কনসেনট্রেটরগুলোর বিতরণ, স্থাপন ও পরবর্তী ব্যবস্থাপনা তদারকি করবে। এর মাধ্যমে সরঞ্জামগুলোর কার্যকর ব্যবহার ও দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত হবে।

এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, “যেসব এলাকায় চিকিৎসাসেবা সীমিত, বিশেষ করে সে সকল এলাকাগুলোতে সময়মতো উপযুক্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। আইসিডিডিআর,বি-এর সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে আমরা ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার একাধিক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোর অক্সিজেন সেবা দেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়তা করছি। স্বাস্থ্য খাতের একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত চাহিদা মেটানোর পাশাপাশি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত।”

আরও পড়ুন

আইসিডিডিআর,বি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. তাহমীদ আহমেদ বলেন, “অনেক বেসরকারি ও এনজিও পরিচালিত হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই। পাশাপাশি অক্সিজেন কনসেনট্রেটর ব্যয়বহুল এবং অক্সিজেন থেরাপির প্রয়োজনও বেড়েছে। বিশেষ করে ঝুঁকিতে থাকা ও নিম্নআয়ের মানুষের মধ্যে এ চাহিদা বেশি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অক্সিজেনের ঘাটতি পূরণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এর এই অনুদান গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দেশজুড়ে রোগীদের চিকিৎসার ফলাফল আরও উন্নত করতে সহায়তা করবে। দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য ও কল্যাণে ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাওয়ার জন্য আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-কে ধন্যবাদ জানাই।“

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরেই দেশের স্বাস্থ্যসেবা খাতের অবকাঠামো শক্তিশালীকরণে কাজ করে আসছে। এর আগে ব্যাংকটি কুমুদিনী হাসপাতাল, জামালপুরের এম এ রশিদ হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ, রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে বায়ু থেকে মেডিকেল-গ্রেড অক্সিজেন উৎপাদনে সক্ষম প্ল্যান্ট স্থাপনে সহায়তা করেছে।

বাংলাদেশে ১২১ বছরের দীর্ঘ যাত্রায় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, বিশ্বস্ত অংশীদারদের সাথে নিয়ে সারা দেশে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে আইসিডিডিআর,বি-এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবার মান বাড়ানোর পাশাপাশি একটি টেকসই সমাজ গঠনে কাজ করছে বহুজাতিক এই ব্যাংকটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

সিরিয়ার কাছেও হারলো অনূর্ধ্ব-২০ দল

হানি ট্র্যাপের ফাঁদে ট্রাভেল এজেন্সি মালিক, নারীসহ ৪ সদস্য গ্রেপ্তার

কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা

ছয়দিন বিদ্যুৎ-পানিবিহীন দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

রংপুরে আইনশৃঙ্খলা,দুর্নীতি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে  কর্মশালা অনুষ্ঠিত