ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৫৮ পিএম

নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক

নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে ঐশী পোদ্দার (১৯) নামে এক নববধূকে শ্বাসরোধে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে ঐশীর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
 
একই রাতে উপজেলার অন্য একটি এলাকায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
 
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া গ্রামে প্রথম ঘটনাটি ঘটে।
 
নিহত ঐশী পোদ্দার কুমিল্লার দাউদকান্দি উপজেলার শাহাপাড়া এলাকার শংকর পোদ্দারের মেয়ে। তিনি উলুকান্দি এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে শান্ত কুমার রায়ের স্ত্রী ছিলেন।
 
নিহতের বাবা শংকর পোদ্দার অভিযোগ করেন, প্রায় তিন মাস আগে ১২ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার দিয়ে শান্ত কুমার রায়ের সঙ্গে ঐশীর বিয়ে দেন। বিয়ের পর থেকে আরও টাকা যৌতুক হিসেবে আনার জন্য স্বামী শান্ত, শ্বশুর শিবু চন্দ্র রায় ও শাশুড়ি লক্ষ্মী রানী রায় ঐশীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ তার।
 
তিনি জানান, মেয়ের সংসারের কথা চিন্তা করে দেড় মাস আগে জামাতা শান্তকে আরও দুই লাখ টাকা দেন। এরপরও নির্যাতন বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি।
 
শংকর পোদ্দারের অভিযোগ, মঙ্গলবার দিবাগত রাতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা ঐশীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজাতে তার মরদেহ ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি।
 
পরে প্রতিবেশী এলাকায় থাকা ঐশীর এক মামা ফোনে বিষয়টি পরিবারকে জানান।
 
এ ঘটনায় নিহতের স্বামী শান্ত কুমার রায়, শ্বশুর শিবু চন্দ্র রায় ও শাশুড়ি লক্ষ্মী রানী রায়কে আটক করেছে পুলিশ।
 
অপরদিকে একই রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। ঝর্ণা ওই এলাকার আব্দুল আলীর মেয়ে এবং নাদিমের স্ত্রী।
 
পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, দুটি মরদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঐশী পোদ্দারের বাবার অভিযোগের ভিত্তিতে তার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে।
 
তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক

প্রতারক চিনিয়ে দেবে হোয়াটসঅ্যাপ! আসছে ‘স্ক্যাম অ্যালার্ট’

মাঠে ঢুকে ফুটবলারদের ওপর সমর্থকদের হামলা

বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না : তথ্য প্রতিমন্ত্রী

সরকার কি মত প্রকাশের স্বাধীনতাকে ‘গলা চিপে ধরছে’

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার