ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ১২:৪২ এএম

স্থানীয় ভোটে বিদ্রোহী প্রার্থী নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত, স্থানীয় ভোটে বিদ্রোহী প্রার্থী নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচনে কোনো বিদ্রোহী প্রার্থী রাখা যাবে না এবং একক প্রার্থীকে সামনে রেখে সবাইকে কাজ করতে হবে।

শনিবার (২৯ আগস্ট) বগুড়া জেলা, থানা ও সিটি করপোরেশন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে বৈঠকটি রাত সাড়ে ৮টার দিকে শেষ হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে তৃণমূলে দলকে আরও শক্তিশালী করা, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ানো এবং ভালো কর্মসূচি নিয়ে মাঠে যাওয়ার নির্দেশ দেন তারেক রহমান। পাশাপাশি দলের ভেতরে কোনো সমন্বয়হীনতা থাকলে তা দূর করে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে বলেন।

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন জানান, বিগত সময়ে বগুড়া কতটা অবহেলিত ছিল এবং গত ছয় মাসে কতটা উন্নয়ন হয়েছে, তা জনগণের সামনে তুলে ধরতে বলেছেন দলীয় চেয়ারম্যান। স্থানীয় সরকার নির্বাচন অচিরেই হবে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা সভাপতি মো. মাফতুন আহমেদ বলেন, নির্বাচনে কোনোভাবেই বিদ্রোহী প্রার্থী রাখা যাবে না। কীভাবে বিদ্রোহী প্রার্থী ঠেকিয়ে সবাইকে একসঙ্গে কাজ করানো যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও আলোচনা হয়। এই সংকট দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে—এ কথা জনগণকে জানিয়ে তাদের আশ্বস্ত করতে নেতাদের নির্দেশ দেন তারেক রহমান। আগের সরকারের ভুল ও ব্যর্থ পদক্ষেপে সংকট তৈরি হয়েছে এবং বর্তমান সরকার তা মোকাবিলা করছে বলেও জানানো হয়।

তৃণমূলকে সংগঠিত করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এর আগে ২০ আগস্ট পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ, ১৩ আগস্ট রাজশাহী বিভাগের অন্যান্য জেলা ও মহানগর এবং ২০ জুলাই রংপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান। বগুড়ার বৈঠকেও দলীয় ঐক্য, সাংগঠনিক সমন্বয় ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ভোটে বিদ্রোহী প্রার্থী নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রের অবরোধেও সাড়ে ৭ বিলিয়ন ডলার তেল রাজস্ব পেল ইরান

ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

কোয়াবের উপদেষ্টা হলেন বাশার-সুজনসহ ১৬ জন

লালমনিরহাটে সার মজুত ও বিক্রির আপরাধে ব্যবসায়ীর জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফুলজোড় নদীতে নৌকা বাইচ শুরু