দুপচাঁচিয়ায় মৎস্য পক্ষ সমাপনী সভায় এমপি মহিত
বগুড়ার পশ্চিমাঞ্চলে মৎস্য চাষ ও আহরণের সম্ভাবনা উজ্জল
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদিঘী এলাকার সংসদ সদস্য শ্রেষ্ঠ মৎস্য খামারির স্বর্ণপদক প্রাপ্ত আব্দুল মহিত তালুকদার বলেছেন, বগুড়ার পশ্চিমাঞ্চল মৎস্য চাষ ও আহরণে সম্ভাবনা উজ্জল। সকলে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করলে বগুড়ার পশ্চিমাঞ্চলে মাছ চাষের নিরব বিপ্লব ঘটানো সম্ভব। তিনি আরও বলেন শুধু দুপচাঁচিয়া উপজেলাতেই ৫৪২টি পুকুর রয়েছে।
এই পুকুরগুলো খননের মাধ্যমে প্রকৃত মৎস চাষিদেরকে পুকুরগুলো লিজ প্রদানের মাধ্যমে মাছের দ্বিগুন উৎপাদন করা সম্ভব। এই মাছ অর্থনৈতিক একটি সম্পদ। ভৌগোলিক দিক থেকে বগুড়ার পশ্চিমাঞ্চলে তিনি মাছের খামার করে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কাছে থেকে শ্রেষ্ঠ মৎস্য খামারির স্বর্ণপদক লাভ করেছিলেন।
তারই ছেলে বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমানের কাছে থেকে আবারও শ্রেষ্ঠ মৎস্য খামারির স্বর্ণপদক লাভ করেছেন। এটা একদিকে যেমন এলাকার গৌরব তেমনি তাকে অনুসরণ করে আগামীতে মাছ খামারিদের মাছ চাষে আগ্রহ আরো বাড়বে। তিনি মাছ চাষিদের কৃষি কার্ডের আওতায় নিয়ে আসার পাশাপাশি সকল শ্রেণির মানুষের সহযোগিতায় বগুড়ার পশ্চিমাঞ্চল মৎস্য চাষের সম্ভাবনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে এ কথাগুলো বলেন।
আরও পড়ুনপরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মাদ সাইফুল আবেদীন, থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহামন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান ফায়েজ, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অপরদিকে গত রোববার কিশোরগঞ্জের কাটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস পক্ষ ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদিঘী এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার পাঙ্গাস, তেলাপিয়া ও কই মাছ উৎপাদন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান মন্ত্রী তারেক রহমানের কাছে থেকে স্বর্ণপদক লাভ করায় দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মামনা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য করুন







