প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৯:৩৩ পিএম
র্যাব বিলুপ্ত করে এসআরবি, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
র্যাব বিলুপ্ত করে এসআরবি, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত খসড়া আইনটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
খসড়া আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন এই বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করা হবে। এই আইনে সাধারণ নাগরিকদের অভিযোগ এবং এসআরবি সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে, যার মাধ্যমে ইউনিটের কার্যক্রম সংক্রান্ত অভিযোগ ও অভ্যন্তরীণ বিষয়াদির সমাধান করা যাবে।
এ ছাড়া বিলুপ্ত হতে যাওয়া র্যাবের যাবতীয় জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে খসড়া আইনে। নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র্যাব-সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিদ্যমান বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে বহাল রাখার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





