দিনাজপুরে সিআইডি পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড় কৃষকদল নেতা গ্রেফতার
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে কোতয়ালী থানার ভেতরেই সিআইডি পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মজিবর রহমান মজিব(৫৬) নামে কৃষকদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।
এ বিষয়ে ওই পুলিশ সদস্য বাদি হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গতকাল রোববার রাতে কোতয়ালী থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কৃষকদল।
মজিবর রহমান দিনাজপুর জেলা কৃষকদলের সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। তিনি একটি ইজিবাইক গ্যারেজের মালিক ও বালুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সদস্য। আর ওই পুলিশ সদস্যের নাম নওয়াবুর রহমান। তিনি দিনাজপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও আগের তদন্ত কর্মকর্তার সাথে আলোচনা করতে গতকাল রোববার দিনগত রাতে কোতোয়ালী থানায় যান পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান। তিনি তখন সিভিল পোশাকে ছিলেন।
প্রায় একই সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে সাক্ষাতের জন্য যান মজিবর রহমান। ওসি সেসময় থানায় ছিলেন না। ওসির কক্ষের সামনে মজিবর রহমান পুলিশ সদস্য নওয়াবুরকে ওসির অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করেন। এসময় নওয়াবুর রহমান নিজেকে এই থানার পুলিশ নন, সিআইডির পুলিশ হিসেবে পরিচয় দেন।
আরও পড়ুনএসময় মজিবের সাথে থাকা একজন নওয়াবুরকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে মজিবর রহমান তার সাথে থাকা অজ্ঞাতনামা দু’জনের উস্কানিতে পুলিশ পরিদর্শক নওয়াবুরের গালে সজোরে থাপ্পড় মারেন। এসময় তাকে হুমকিও দেন মজিবর। পরে থানায় কর্তব্যরত অন্য পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং মজিবরকে আটক করে থানায় রাখেন।
এ বিষয়ে কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, থানায় মামলার তদন্তে আসা সিআইডি পুলিশের পরিদর্শকের গায়ে হাত দেয়ার অভিযোগে তাৎক্ষণিকভাবে মজিবর রহমান মজিব নামে একজনকে আটক করা হয়েছে। মামলার পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে কৃষকদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
মন্তব্য করুন







