ভোগান্তি কমাতে বগুড়ার গোহাইল রোডে সিটি কর্পোরেশনের স্বস্তির উদ্যোগ
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত গোহাইল রোডের দীর্ঘদিনের বেহাল দশায় নাকাল হাজার হাজার মানুষ। বছরের পর বছর সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা এই সড়কে যানবাহন চলাচল ও পথচারীদের যাতায়াত রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন অংশে পানি জমে যাতায়াত একপ্রকার দুষ্কর হয়ে ওঠে।
তবে স্বস্তির খবর হলো, সাধারণ মানুষ ও যানবাহন চালকদের দুর্ভোগ কমাতে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সড়কের ওপর জমা পানি সরিয়ে ও ক্ষতিগ্রস্ত কার্পেটিং উঠিয়ে রোলার দিয়ে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে দেওয়া হচ্ছে।
সহকারী প্রকৌশলী সফি মাহমুদ জানান, সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগের কথা বিবেচনা করে প্রশাসকের নির্দেশে এই জরুরি সংস্কারকাজ চালানো হচ্ছে। এতে সাময়িকভাবে হলেও যাতায়াতে স্বস্তি মিলবে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর এই গুরুত্বপূর্ণ সড়কটি স্থায়ী সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হলেও তা পরবর্তীতে বাতিল করা হয়।
আরও পড়ুনতবে আশার কথা হলো, চলতি বছর নতুন করে আবার দরপত্র আহ্বান করা হয়েছে। নতুন এই প্রকল্পের অধীনে সড়কের উভয় পাশে ড্রেন, ফুটপাত ও দৃষ্টিনন্দন লাইট পোস্ট স্থাপন করা হবে। মূল রাস্তার স্থায়িত্ব বাড়াতে বিভিন্ন অংশে দেয়া হবে ৮ ইঞ্চি পুরু শক্তিশালী সিসি ঢালাই। দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে মূল কাজ শুরু হলে দীর্ঘদিনের এই সড়ক-দুর্দশার চিরস্থায়ী সমাধান হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
মন্তব্য করুন







