রংপুরের পীরগাছায় নাতিকে দেখতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার দাদি
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় নাতিকে দেখতে গিয়ে সাবেক বেয়াই-বেয়াইন ও ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর হাতে এক দাদি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারীর বাড়ি উপজেলার চন্ডিপুর গ্রামে। তিনি ওই গ্রামের দিনমজুর আহসান উদ্দিনের স্ত্রী ধলি খাতুন (৪৫)।
জানা যায়, চন্ডিপুর গ্রামের আহসান উদ্দিনের ছেলে ইয়ামিনের সাথে পঞ্চানন গ্রামের আবু কাশেম ও ছাফিয়া বেগমের মেয়ে কেয়া মনির তিন বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে রায়হান(২) নামে একটি ছেলে রয়েছে। সম্পর্কের টানাপোড়েনের জেরে দুই মাস আগে সামাজিকভাবে তাদের তালাক হয়। ঘটনার দিন দুপুরে ধলি খাতুন নাতিকে দেখার আকুলতা নিয়ে সাবেক বেয়াই আবু কাশেমের বাড়িতে যান।
সেখানে পৌঁছানো মাত্রই নির্যাতন শুরু করে আবু কাশেম, ছাফিয়া বেগম ও কেয়া মনি। লোহার রড ও লাঠি দিয়ে কোমর থেকে হাটু পর্যন্ত নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে নির্যাতনকারীরা ভুক্তভোগীর মাথার চুল কেটে দেয় এবং ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে ভুক্তভোগী পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, এ বিষয়ে তারা কোন অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন







