অশ্লিল ভিডিও ভাইরাল, বগুড়ার এনসিপি নেতা ইমরানকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লিল ভিডিও ভাইরাল হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
চিঠি সূত্রে জানা যায়, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী কাজে সংশ্লিষ্ট থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।
একইসঙ্গে, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কেন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বরাবর দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য এনসিপি বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের একটি অশ্লিল অনৈতিক ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর কেন্দ্রিয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
মন্তব্য করুন







