অভিনেত্রী রিনা রহমান আর নেই
করতোয়া বিনোদন : ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার পর তাঁর মৃত্যু হয়েছে। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তার মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা রহমানের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পরিবার ও সহকর্মী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার মধ্যেও অভিনয় থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেননি। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে সাম্প্রতিক সময়ে নিয়মিত শুটিংয়ে অংশ নেওয়া কমিয়ে দিয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক পরম্পরা-তে অভিনয় করছিলেন।
দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চ—তিন মাধ্যমেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন রিনা রহমান। বিভিন্ন সময়ে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের প্রশংসা ও ভালোবাসা অর্জন করেন।
আরও পড়ুনতাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির জনপ্রিয় নাটক সংশপ্তক (১৯৮৭), চলচ্চিত্র ঠিকানা (১৯৯৪), ঘানি (২০০৬) এবং ধারাবাহিক নাটক মান অভিমান। এসব কাজের মাধ্যমে তিনি দেশের অভিনয়াঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
রিনা রহমানের মৃত্যুতে সহকর্মী, সংস্কৃতিকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। অনেকেই তাঁর দীর্ঘ অভিনয়জীবনের অবদান স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
মন্তব্য করুন



_medium_1785772068.jpg)
_medium_1785769487.jpg)




