নতুন রাষ্ট্রপতি মনোনয়ন
আজই সিদ্ধান্ত নিতে পারে বিএনপি
করতোয়া ডেস্ক : নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেই প্রশ্ন এখন দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর উত্তরসূরি নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই আজ শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির একাধিক জ্যেষ্ঠ নেতার ইঙ্গিত, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনই হতে পারে প্রধান আলোচ্য বিষয়। এমনকি এ দিনই এ বিষয়ে একটি সিদ্ধান্তও আসতে পারে।
গত শুক্রবার ( ২৪ জুলাই ) 'শারীরিক ও মানসিক সক্ষমতা' না থাকার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের সময় বঙ্গভবনে বসা মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এই পরিবর্তনের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা আরও জোরদার হয়েছে। সেই আবহেই বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক। স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে দল সিদ্ধান্তে পৌঁছাতে পারে।
স্থায়ী কমিটির এক সদস্য বলেন, 'শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হবে।' 'এ সিদ্ধান্ত তো কারোর একার না। দেশ, সরকার, দল, জনগণ সব ক্রাইটেরিয়া মাথায় রেখে যেটি উপযুক্ত, সেটিই হবে'।
বিএনপির দলীয় সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য ব্যক্তিদের প্রোফাইল এরই মধ্যে প্রধানমন্ত্রীর হাতে পৌঁছেছে। তাদের শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং কর্মজীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। সর্বোচ্চ যোগ্যতাসম্পন্নদেরই প্রাধান্য দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে শনিবারের বৈঠকেই।
আরও পড়ুনসংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে। বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (২৮ জুলাই) তার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য কমিশনাররা।
কারা আছেন আলোচনায়? বিএনপির স্থায়ী কমিটির অন্তত তিনজন সদস্যের সঙ্গে আলাপকালে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কয়েকজনের নাম উঠে এসেছে। এ তালিকায় রয়েছেন স্পিকার (বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি) হাফিজ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। আলোচনায় রয়েছে অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও।
দলীয় সূত্রের ভাষ্য, 'সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নামও রয়েছে আলোচনায়।' এছাড়া মানবাধিকারকর্মী ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপকের নামও আলোচনায় এসেছে।
মন্তব্য করুন

_medium_1785481591.jpg)







