প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, কোনো প্রশ্নফাঁস চক্র বা ‘পেপার মাফিয়াকে’ ছাড় দেওয়া হবে না। পরীক্ষা ব্যবস্থা আরও স্বচ্ছ, নিরাপদ ও বিশ্বাসযোগ্য করতে কঠোর আইন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে।
বৃহস্পতিবার পরীক্ষা সংস্কার বিল সংসদে পাস হওয়ার পর ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
মোদি বলেন, বহু বছর ধরে কেন্দ্র ও বিভিন্ন রাজ্যে প্রশ্নফাঁস বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। এতে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। তাই এ সংকট মোকাবিলায় শক্তিশালী আইনি ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছিল।
তিনি জানান, ফাস্ট-ট্র্যাক আদালত গঠন, রাজ্যগুলোর পরামর্শ গ্রহণ এবং পরীক্ষা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হবে।
আরও পড়ুনভিডিও বার্তায় মোদি বলেন, ‘কোনো পেপার মাফিয়া, প্রশ্নফাঁস সিন্ডিকেট কিংবা যারা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না।’ অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতেই নতুন আইনে শক্তিশালী আইনি কাঠামো যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পরীক্ষা সংস্কার বিল সংসদে উপস্থাপন করেছে। দুই দিন ধরে বিস্তারিত আলোচনা শেষে বিলটি লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই পাস হয়েছে।
তার ভাষায়, নতুন আইন দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি উন্নত ভারত গড়তে দেশবাসীর প্রতি একযোগে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক


_medium_1785403617.jpg)
_medium_1785401154.jpg)




