বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি: ২১৮ আবেদনকারীর ১৮০ জনই ফেল!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা পর্যায়ের কোচ নিয়োগ পরীক্ষায় বড় ধরনের ভরাডুবির চিত্র উঠে এসেছে। ২১৮ জন আবেদনকারীর মধ্যে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩৮ জন। ফলে ৬১টি পদের বিপরীতে যোগ্য প্রার্থীর সংকটে পড়েছে বিসিবি।
বিসিবি সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুটি কোচিং পদের জন্য গত ২৩ ও ২৪ জুলাই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন লিখিত এবং দ্বিতীয় দিন ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা নেওয়া হয়।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের একটি সূত্র জানিয়েছে, পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী প্রয়োজনীয় মান অর্জনে ব্যর্থ হয়েছেন। এ কারণে জেলা পর্যায়ের কোচ নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
তবে ২১৮ জন আবেদনকারীর সবাই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাননি। প্রাথমিক যাচাইয়ে অনেকেই নির্ধারিত যোগ্যতা পূরণ করতে না পারায় তাদের আবেদন বাতিল করা হয়।
আরও পড়ুনবিসিবির শর্ত অনুযায়ী, আবেদনকারীদের অন্তত লেভেল-১ কোচিং কোর্স সম্পন্ন করার পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হতো। কিন্তু অধিকাংশ আবেদনকারীই এই দুটি শর্ত পূরণ করতে পারেননি।
সূত্রটি আরও জানিয়েছে, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ হওয়া ৩৮ জনের মধ্য থেকেও অনেকের চূড়ান্ত নিয়োগ অনিশ্চিত। কারণ, তাদের কয়েকজনের ক্ষেত্রেও নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ না হওয়ার বিষয়টি যাচাই করা হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় ১৫ শতাংশেরও কম পরীক্ষার্থী পাস নম্বর অর্জন করেছেন। এ পরিস্থিতিতে জেলা পর্যায়ে দক্ষ ক্রিকেট কোচ তৈরির বর্তমান অবস্থা এবং কোচিং ব্যবস্থার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








