দিল্লির আন্দোলনের সমর্থনে কলকাতায় বিক্ষোভ মিছিল
২০২৬ সালের সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রায় এক মাস ধরে রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এবার সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কলকাতায় মিছিল করেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে ‘মহা মিছিল সংহতি সভা’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়। পাশাপাশি বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে আন্দোলনকারীদের ওপর কঠোর দমন-পীড়ন চালানো হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ ও ‘স্বৈরাচারী সরকার আর নয়’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
আরও পড়ুনএদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নতুন একটি গান প্রকাশ করেছেন ভারতীয় সংগীতশিল্পী রূপম ইসলাম। তিনি গানটির অংশ নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন। একই দাবিতে মহারাষ্ট্রের আহিল্যানগরে নীরব কর্মসূচি পালন শুরু করেছেন সমাজকর্মী আন্না হাজারে। তার কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।
অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় বিরোধী দলের সদস্যরা সরকারের বক্তব্য এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পরে তারা প্ল্যাকার্ড হাতে সংসদের ভেতরে বিক্ষোভে অংশ নেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








