মালিতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের : ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তবে এ প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ পর্যায়ে মতভেদ রয়েছে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি পেন্টাগন। অন্যদিকে মালিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)-এর বিরুদ্ধে মালিতে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বুধবার (২২ জুলাই) বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রভাবশালী এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রস্তাব নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। তবে সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নেয়া কর্মকর্তাদের মধ্যে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সন্ত্রাসবাদবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক সেবাস্টিয়ান গোরকাও রয়েছেন।
প্রতিবেদনটি সম্পর্কে জানতে চাইলে এক মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্র হামলার অনুমোদন দেবে কি না, সে বিষয়ে নিশ্চিত বা অস্বীকারÑ কোনোটিই করেননি। তবে তিনি বলেন, উত্তর ও পশ্চিম আফ্রিকার দেশগুলোকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম কেনার আহ্বান জানিয়ে আসছে ওয়াশিংটন। ওই কর্মকর্তা আরও বলেন, সাহেল অঞ্চলের সন্ত্রাসবাদ একটি ‘বহুজাতিক সমস্যা’। তিনি বলেন, ‘জেএনআইএম ও আইএসআইএস (দায়েশ)-এর বিরুদ্ধে যুদ্ধে অ্যালায়েন্স অব সাহেল স্টেটসকে সমর্থন দিতে আমরা আঞ্চলিক অংশীদার ও ন্যাটো মিত্রদের আহ্বান জানাই।’
আরও পড়ুনতিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আশা করে, অ্যালায়েন্স অব সাহেল স্টেটস সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়ী হবে। তবে মালির নিরাপত্তা পরিস্থিতির অবনতির দায় রাশিয়ার, কারণ দেশটি মালির জন্য কার্যকর নিরাপত্তা অংশীদার হিসেবে প্রমাণিত হয়নি। সন্ত্রাসবাদ মোকাবিলায় রাশিয়ার দুর্বল পারফরম্যান্স থেকে আফ্রিকার অন্য দেশগুলো শিক্ষা নেবে বলেও আমরা আশা করি।’ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা মালিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ জানায়।
প্রসঙ্গত, ২০১৮ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তর মালিভিত্তিক জামা'আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







