রাজশাহীতে রেলপথ অবরোধে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
মফস্বল ডেস্ক : পদ্মা এক্সপ্রেস ট্রেনে রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে টিকিট পরীক্ষকের (টিটি) বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসসহ কোনও ট্রেনই ছেড়ে যেতে পারেনি। একই সঙ্গে রাজশাহীমুখী অন্য ট্রেনের চলাচলও থমকে গেছে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, আবার কেউ বাড়তি ভাড়া গুনে বিকল্প যানবাহনের খেঁাজ করছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯—২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পদ্মা এক্সপ্রেসে টিটির অনিয়মের প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। পরে অভিযুক্ত টিটি জোরপূর্বক তাকে একটি স্টেশনে নামিয়ে দেন। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা অভিযুক্ত টিটি সুমনকে দ্রুত হাজির করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলাসংলগ্ন রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন।
আরও পড়ুনরেল অবরোধের কারণে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে রেলওয়ে কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে। আশা করছি, দ্রুতই একটা সমাধান বের হবে এবং ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার হয়নি, ফলে রাজশাহী স্টেশনে যাত্রীদের ভোগান্তি বেড়েই চলেছে।
মন্তব্য করুন









