সফলভাবে নিজেদের প্রথম রকেট ‘বিক্রম-১’ উৎক্ষেপণ করল ভারত
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।আজ শনিবার (১৮ জুলাই) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে দেশটির প্রথম বেসরকারি বাণিজ্যিক রকেট ‘বিক্রম-১’।
হায়দরাবাদভিত্তিক মহাকাশ গবেষণা স্টার্টআপ ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর তৈরি এই রকেটের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বেসরকারি কক্ষপথীয় উৎক্ষেপণের (প্রাইভেট অরবিটাল লঞ্চ) গৌরব অর্জন করল ভারত। এর আগে এই কৃতিত্ব ছিল কেবল যুক্তরাষ্ট্র ও চীনের।
প্রথমে সকাল সাড়ে ১১টায় উৎক্ষেপণের সময় নির্ধারিত থাকলেও,উৎক্ষেপণের কয়েক মিনিট আগে মিশন কন্ট্রোল থেকে পরিকল্পনামাফিক কাউন্টডাউন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। প্রযুক্তিগত সমস্ত বিষয় পুনরায় পরীক্ষা করার পর দুপুর ১২টা ৫ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বিক্রম-১। উৎক্ষেপণের পর নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রকেটটি পৃথিবীর প্রায় ৪৫০ কিলোমিটার উচ্চতার নিম্ন কক্ষপথে পৌঁছে পেলোড স্থাপন করতে সক্ষম হয়।
স্কাইরুট অ্যারোস্পেস জানিয়েছে, বিক্রম-১-এর টেস্ট ফ্লাইট-১ সফলভাবে তার চূড়ান্ত বার্ন সম্পন্ন করে নির্ধারিত কক্ষপথে পেলোড স্থাপন করেছে। সংস্থাটি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে জানায়, “অরবিট অ্যাচিভড। বিক্রম-১ টেস্ট ফ্লাইট-১ সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি অরবিটাল রকেট সফলভাবে প্রায় ৪৫০ কিলোমিটার উচ্চতায় পেলোড স্থাপন করেছে। এর মাধ্যমে বেসরকারি সংস্থার অরবিটাল উৎক্ষেপণ সক্ষমতা অর্জনকারী বিশ্বের তৃতীয় দেশ হল ভারত।”
আরও পড়ুনআরও একটি পোস্টে স্কাইরুট লিখেছে, “হ্যালো স্পেস, আমরা এসে গিয়েছি। বিক্রম-১-এর টেস্ট ফ্লাইট-১ সফলভাবে সম্পন্ন হয়েছে। ভারতের প্রথম বেসরকারি মহাকাশ উৎক্ষেপণ মিশন সফল হয়েছে।”
এই সাফল্যের পর স্কাইরুট অ্যারোস্পেসের প্রতিষ্ঠাতাদের ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই সাফল্যকে ভারতের মহাকাশ গবেষণা এবং বেসরকারি শিল্পের জন্য এক নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেন। তাঁর মতে, এই মিশন ভবিষ্যতে ভারতীয় স্টার্টআপগুলিকে আন্তর্জাতিক মহাকাশ উৎক্ষেপণ পরিষেবার বাজারে আরও বড় ভূমিকা নিতে উৎসাহিত করবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক

_medium_1784369765.jpg)





