আসছে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে যেসব অঞ্চল
আন্তর্জাতিক ডেস্ক : একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ২ আগস্ট দেশটির আকাশে দেখা যাবে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানী, গবেষক এবং আকাশপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্রায় ছয় মিনিট পর্যন্ত সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে। এই দীর্ঘ সময় সূর্যের করোনা বা বহিঃবায়ুমণ্ডল পর্যবেক্ষণের জন্য গবেষকদের সামনে একটি বিরল সুযোগ এনে দেবে।
সৌদি আরবের মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, আভা শহরে সর্বোচ্চ প্রায় ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস দেখা যেতে পারে। জেদ্দা ও পশ্চিম উপকূলের কিছু এলাকায় এই অন্ধকার স্থায়ী হবে প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড। এ কারণে সৌদি আরব সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিবেশী মিসরে এই সূর্যগ্রহণের পূর্ণগ্রাসের স্থায়িত্ব আরও কিছুটা বেশি হবে।
আরও পড়ুনযেসব এলাকায় পূর্ণগ্রাস দেখা যাবে না, সেসব অঞ্চলেও আংশিক সূর্যগ্রহণ উপভোগ করা যাবে। কিছু স্থানে সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চাঁদের ছায়ায় আচ্ছাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থানভেদে গ্রহণের সময় ও দৃশ্যমানতার মাত্রায় পার্থক্য থাকবে।
জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানিয়েছেন, পূর্ণগ্রাসের পথ লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ সৌদি আরবের বহু শহর ও গভর্নরেট অতিক্রম করবে। এই বিরল মহাজাগতিক ঘটনা জ্যোতির্বিজ্ঞান গবেষণার পাশাপাশি পর্যটন খাতেও বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক






_medium_1784276732.jpg)
