বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ১
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোকছেদুর রহমান মাহিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই দিবাগত রাত আনুমানিক সোয়া ১ টার দিকে ধুনট থানার উল্লাপাড়া গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে শাহাদাত হোসেন বগুড়া সদর এলাকায় কর্মরত স্যাম্প লিমিটেডের কর্মচারী অফিসের কাজ শেষে তার ভাগিনাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কোম্পানির বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ ওভারব্রিজে পৌঁছলে অজ্ঞাতনামা তিন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শাহাদাত হোসেন শেরপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত বৃহষ্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন বগুড়ার শাহজাহানপুর থানার বি-ব্লক ফ্লাইওভারের কাছে কয়েকজন ছিনতাইকারী ঢাকাগামী একটি ট্রাকের গতিরোধের চেষ্টা করছে। পরে শেরপুর থানা পুলিশ সেখানে পৌছে দেখেন ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে পরে আছে আর স্থানীয় লোকজন একজনকে আটক করেছে।
আরও পড়ুনএ সময় পুলিশ আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আটককৃত ব্যাক্তি শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মোকছেদুর রহমান মাহিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটিই শেরপুর থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল বলে শনাক্ত করা হয়।
পরে তাকে গ্রেফতার দেখিয়ে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে শেরপুর থানায় নিয়ে আসা হয়। শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার, ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন









