৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী
আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, অনেকে প্রশ্ন করেন, জুলাই জাদুঘর এখনো উদ্বোধন হচ্ছে না কেন।
তিনি বলেন, পরবর্তী সময়ে আমরা জাদুঘর পরিচালনার জন্য নতুন আইন প্রণয়ন এবং পরিচালনা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি। গেজেট প্রকাশ, পরিচালনা কমিটি গঠন এবং জনবল নিয়োগের প্রক্রিয়ায় কিছুটা সময় লেগেছে।
তবে নির্দিষ্ট তারিখ উল্লেখ না করে মন্ত্রী বলেন, অতি দ্রুতই জাদুঘর উদ্বোধন করা হবে।
আরও পড়ুনজাদুঘর নির্মাণে ১১৫ কোটি টাকা ব্যয় এবং সম্ভাব্য অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই তদন্ত করব। আমরা ক্ষমতায় এসেছি মাত্র কয়েক মাস। আমাদের সময়ে নতুন কোনো নিয়োগ বা অতিরিক্ত উন্নয়নকাজ হয়নি। যদি আগে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে এবং সে বিষয়ে নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকারের লক্ষ্য শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দুর্নীতির অভিযোগ এবং জাদুঘরের উদ্বোধন-দুটি ভিন্ন বিষয়। জাদুঘরটি যথাযথভাবে নির্মিত হয়েছে কি না, সেটি একটি বিষয়। আর ব্যয় ও দুর্নীতির অভিযোগ আরেকটি বিষয়। এ দুটি বিষয়কে আলাদাভাবে বিবেচনা করা উচিত।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1784025977.jpg)







