সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ
সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটির কাজ কেবল সুপারিশ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, এই কমিটির মাধ্যমে নতুন করে সংবিধান লেখার কোনো সুযোগ নেই।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ হুইপ।
বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে মো. নূরুল ইসলাম বলেন, ওয়াকআউট বিরোধী দলের রাজনৈতিক রীতির অংশ এবং তারা এটি করতেই পারে। তবে তাদের আজকের সিদ্ধান্ত বিষয়টি পুরোপুরি না বুঝেই নেওয়া হয়েছে বলে মনে করেন তিনি। চিফ হুইপ বলেন, সবাইকে সঙ্গে নিয়েই সংবিধান সংশোধন করা হবে।
বিরোধী দলের প্রতি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের জন্য সব সময়ই আলোচনার দরজা খোলা রয়েছে। কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বিরোধী দল সদস্যদের নাম দেওয়া মাত্রই তা অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুনগণভোটের রায় উপেক্ষা করা হয়নি উল্লেখ করে চিফ হুইপ বলেন, এ নিয়ে আন্দোলনের কোনো প্রয়োজন নেই। সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। বিরোধী দল নিশ্চয়ই এমন কিছু করবে না, যাতে অন্য কেউ সুযোগ নিতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, সংবিধান সংশোধন কমিটি গঠনের সময় সংসদ থেকে ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গণমাধ্যমের কাছে তাদের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদ—উভয় জায়গাতেই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কমিটি গঠনের প্রস্তাবের প্রতিবাদেই তারা ওয়াকআউট করেছেন বলেও জানান তিনি।
এদিন ১৭ সদস্যবিশিষ্ট সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটি গঠনের প্রস্তাব উত্থাপনের সময় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






