চীনে শক্তিশালী টাইফুন বাভির আঘাত, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: চীনে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন। শনিবার দেশটির পূর্ব উপকূলে আছড়ে পড়েছে টাইফুন ‘বাভি’। ঝড়ের কারণে দুর্যোগপূর্ণ এলাকা থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রথমে চীনের উপকূলীয় শহর তাইজৌয়ে আঘাত হানে বাভি। এরপর মধ্যরাতে ওয়েনঝৌ শহরে দ্বিতীয়বার স্থলভাগে প্রবেশ করে।এর আগে ঝড়টি জাপানের কয়েকটি দূরবর্তী দ্বীপে আঘাত হানে এবং তাইওয়ানের উত্তর অংশের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে ভারী বৃষ্টিপাত ঘটায়।এরও আগে ফিলিপাইনে ঝড়ের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়।
যদিও বাভি এখন কিছুটা দুর্বল হয়ে প্রবল ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে, তারপরও তবুও এর বৃষ্টিবলয়ে থাকা বিপুল পরিমাণ জলীয়বাষ্পের কারণে এটি এখনও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
অবশ্য উত্তর—পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এর শক্তি কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১২ জুলাই) ঝেজিয়াং প্রদেশের পূর্বাঞ্চল এবং ফুজিয়ান প্রদেশের উত্তর—পূর্বাঞ্চলে ‘অত্যন্ত ভারী বৃষ্টিপাত’ হতে পারে। সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই মানুষকে ব্যাপকভাবে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুধু ঝেজিয়াং প্রদেশ থেকেই ১৭ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পাশাপাশি পাশের প্রদেশগুলো থেকেও হাজারো মানুষকে নিরাপদ স্থানে নেয়া হয়েছে।ঝেজিয়াংয়ে স্কুল, কর্মস্থল এবং খোলা আকাশের নিচের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে প্রায় ৪০০টি ফ্লাইট এবং কয়েক ডজন ট্রেন চলাচল।
প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌ টাইফুনটির গতিপথের খুব কাছাকাছি থাকায় সেখান থেকেও কয়েক লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া বেইজিংয়ে ঝুঁকি এড়াতে এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুনএর আগে গত সোমবার বাভি সুপার টাইফুন হিসেবে গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে ঘণ্টায় ২৯০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে আঘাত হানে। পরে প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়ার সময় বাতাসের গতি কমে ঘণ্টায় ১৪৪ কিলোমিটারে নেমে এলেও এটি জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জের সাকিশিমা দ্বীপগুলোতে আঘাত হানে। এতে অন্তত পাঁচজন আহত হন এবং হাজারো মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন।
তাইওয়ানে টাইফুনটি সরাসরি আঘাত না হানলেও ভারী বৃষ্টির কারণে হাজারো মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। সেখানে ভূমিধসের আশঙ্কাও দেখা দেয়। তবে জাপান ও তাইওয়ান— কোনও দেশেই এ ঘটনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি।তাইওয়ানের কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল, বাভির প্রভাবে কোথাও কোথাও এক মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। টাইফুনের কারণে কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় পণ্য মজুত করতে মানুষের ভিড়ে অনেক সুপারমার্কেটের তাক খালি হয়ে গেছে।
এদিকে গত সপ্তাহের শুরুতে আঘাত হানা টাইফুন ‘মায়সাক’—এর ক্ষয়ক্ষতি থেকে এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ চীনের বিভিন্ন এলাকা। মায়সাকের আঘাতে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়। বিপুলসংখ্যক গবাদিপশুও মারা যায়, যার ফলে কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি হুবেই প্রদেশে দুটি টর্নেডোরও সৃষ্টি হয়।
সূত্র: বিবিসি
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







