তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি নতুন করে বন্যার আতঙ্ক, সতর্কতা জারি
লালমনিরহাট প্রতিনিধি: উজানের পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যারেজের সবকটি (৪৪টি) গেট সচল রাখা হয়েছে। দুই দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা থেকে উঠা নামা করায় লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোর বাসিন্দাদের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৪ মিটার। যা বিপৎসীমা থেকে মাত্র ১ সেন্টিমিটার নিচে। মাত্র ৩ঘন্টার ব্যবধানে রাত ৯টার পর থেকে পানি বিপৎসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে। গতকাল শুক্রবার সকাল ৭টায় পানির লেবেল নেমে এলেও বিপৎসীমার কাছাকাছি ছিল বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ভারতের উজানে কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানির প্রবাহ উঠা নামা করছে। যা বিপদেরই শঙ্কা বলে সূত্রটি জানায়। ইতোমধ্যে তিস্তা চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে। জেলার পাঁচটি উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। চরাঞ্চলের অনেক সড়ক ডুবে যাওয়ায় নৌকা ও ভেলা এখন স্থানীয়দের প্রধান যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে।
আরও পড়ুনপানির চাপ বাড়ার কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং নদী তীরবর্তী উঁচু সড়কগুলোও ঝুঁকির মুখে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব বাঁধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। গোবর্ধন গ্রামের বাসিন্দা একরামুল হক বলেন, ইতোমধ্যে চরাঞ্চলের বেশ কিছু বাড়িতে পানি উঠেছে। পানির চাপ দেখে মনে হচ্ছে বড় ধরণের বন্যা হতে পারে। দীর্ঘদিন সংস্কার না হওয়া বাঁধগুলো ভেঙে গেলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, উজানের পানির প্রবাহ অব্যাহত থাকায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বেড়েছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানির স্তর আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে।
মন্তব্য করুন







