আর্জেন্টিনা-মিশর ম্যাচে থাকছেন আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো সেই রেফারি
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা আরও বাড়িয়ে আজ আটলান্টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের অভিজ্ঞ রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এই রেফারি এবারই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচে বাঁশি বাজাতে যাচ্ছেন।
চলমান বিশ্বকাপে এর আগে গ্রুপ পর্বের দুটি ম্যাচ পরিচালনা করেছেন লেটেক্সিয়ের। আইভরি কোস্ট-ইকুয়েডর এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পালন করে তিনি মোট আটটি হলুদ কার্ড দেখিয়েছেন। মাঠে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের জন্য তিনি পরিচিত।
ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে পরিচিত লেটেক্সিয়ের ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে ফরাসি লিগ ওয়ানে অভিষেক করেন। ফরাসি শীর্ষ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ রেফারি হিসেবে দায়িত্ব পালনের পর ফিফার স্বীকৃতি অর্জন করেন। এরপর বুলগেরিয়া-বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করে ধীরে ধীরে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, উয়েফা সুপার কাপ, ইউরো ২০২৪ এবং অলিম্পিক গেমসের মতো বড় আসরের ম্যাচও পরিচালনা করেছেন।
আরও পড়ুনযদিও আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচে এর আগে তাকে দেখা যায়নি, তবে বর্তমান স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তার পরিচয় রয়েছে। বিশেষ করে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো চলতি বছরের ২২ মার্চ লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে অলিম্পিক লিওঁর হয়ে খেলতে গিয়ে লেটেক্সিয়েরের কাছ থেকে সরাসরি লাল কার্ড দেখেছিলেন।
এ কারণে শেষ ষোলোর এই হাইভোল্টেজ ম্যাচে ফরাসি রেফারির সিদ্ধান্তও আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ এই নকআউট লড়াইয়ে তার বাঁশি ম্যাচের গতিপথে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার অপেক্ষা।
মন্তব্য করুন



_medium_1783353308.jpg)





