‘বিশ্বকাপ জিতলেও আমি আরও বেশি ক্রিশ্চিয়ানো হয়ে যাব না’
স্পোর্টস ডেস্ক : স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই পর্তুগিজ মহাতারকা রোনালদো।
সংবাদ সম্মেলনে রোনালদো জানান, এটিই সম্ভবত তার শেষ বিশ্বকাপ হলেও সেটি নিয়ে বাড়তি চাপ নিতে চান না। তিনি বলেন, ‘আমি সব সময় শতভাগ দিয়ে অনুশীলন করি। খেলি ভালোবাসা থেকে, কোনো বাধ্যবাধকতা থেকে নয়। বিশ্বকাপ জিতলেও আমি আরও বেশি ক্রিশ্চিয়ানো হয়ে যাব না। জীবনে আমি অনেক কিছুই পেয়েছি। আগামীকাল কী হবে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ প্রতিবেদন এএস স্পোর্টসের।
সমালোচনা প্রসঙ্গে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বলেন, সমালোচনা তাকে আর প্রভাবিত করে না, ‘যারা আমাদের সমর্থন করেন, তারাই আমাদের শক্তি। বাকি কথাবার্তা গুরুত্ব দেওয়ার মতো নয়। দীর্ঘ ক্যারিয়ারে আমি শিখেছি কীভাবে এসব উপেক্ষা করতে হয়।’ শেষ ষোলোর প্রতিপক্ষ স্পেনকে নিয়ে রোনালদো বলেন, ‘স্পেন সবসময়ই বড় টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার। তারা দারুণ দল এবং ফেভারিটও। তবে মাঠে সবকিছু নির্ধারণ হয় ছোট ছোট বিষয়ের ওপর। আমার বিশ্বাস, আমরা জিততে পারি।’
আরও পড়ুনস্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে নিয়েও প্রশংসা করেন তিনি। ‘ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে শুধু একজন নয়, পুরো স্পেন দলই খুব শক্তিশালী এবং তাদের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে।’ ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘যদি এটাই শেষ বিশ্বকাপ হয়, তবুও আমার কোনো আক্ষেপ থাকবে না। আমি সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছি। আগামীকাল যা-ই ঘটুক, আমি পরিষ্কার বিবেক নিয়েই মাঠ ছাড়ব। আমি এখনো খারাপ খেলছি না। ইতোমধ্যে তিনটি গোল করেছি, আশা করি আরও একটি করতে পারব।’
দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও আর্জেন্টিনা প্রসঙ্গেও ছিল রোনালদোর রসিকতা। তিনি জানান, ডালাসগামী বিমানে এক আর্জেন্টাইন বিমানবালার সঙ্গে মজার কথোপকথন হয়েছিল। হাসতে হাসতে রোনালদো বলেন, ‘আমি তাকে বলেছিলাম, তোমার দৃষ্টিতেই বুঝেছি তুমি আর্জেন্টাইন। যদি কেউ দ্রুত চোখ ফিরিয়ে নেয়, তাহলে বুঝি সে ক্রিশ্চিয়ানোকে পছন্দ করে না।’ সবশেষে রোনালদো বলেন, ‘আমি এই বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। শুধু আশা করি, স্পেনের বিপক্ষে ম্যাচটাই যেন আমার শেষ ম্যাচ না হয়।’
মন্তব্য করুন









