লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহ প্রধানের
আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের ভূখণ্ড থেকে কোনো শর্ত ছাড়াই ইসরায়েলি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইসরায়েলকে সম্পূর্ণভাবে লেবাননের সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধবিরতির শর্তও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।
ভাষণে নাঈম কাসেম অভিযোগ করেন, ইসরায়েল কেবল ক্ষেপণাস্ত্র হামলার অজুহাতে লেবাননে অবস্থান করছে না; বরং দেশটির ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণের লক্ষ্যেই তারা সেখানে রয়েছে। তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেশটির জাতীয় সেনাবাহিনীর এবং ইসরায়েলি বাহিনীর সেখানে থাকার কোনো বৈধতা নেই।
হিজবুল্লাহ প্রধান আরও বলেন, যুদ্ধবিরতি মানে উভয় পক্ষের সব ধরনের সামরিক অভিযান বন্ধ হওয়া। এমন কোনো যুদ্ধবিরতি গ্রহণযোগ্য নয়, যেখানে ইসরায়েল হামলা চালিয়ে যাবে কিন্তু লেবাননের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া থাকবে না। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন হলে হিজবুল্লাহ প্রয়োজনীয় জবাব দেবে।
আরও পড়ুনসম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননের কিছু এলাকায় ইসরায়েলি সেনা এখনও অবস্থান করছে। ইসরায়েল বলছে, নিরাপত্তাজনিত হুমকি মোকাবিলায় তাদের সেনারা প্রয়োজন অনুযায়ী অভিযান চালানোর স্বাধীনতা বজায় রাখবে। অন্যদিকে লেবানন সরকার ও হিজবুল্লাহ পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননের বহু সীমান্ত শহর ও গ্রামে সাধারণ মানুষের ফিরে যাওয়া এখনো সম্ভব হয়নি। কারণ, ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, সংঘাতে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং বিপুল সংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1782460426.jpg)




