পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুরবন সংলগ্ন সৈকত থেকে শাহাবুদ্দিন (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত দুই দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শাহাবুদ্দিন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা। তিনি একই এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন গঙ্গামতি এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলারে করে ছয়জন জেলে গভীর সমুদ্রে যান। সকাল ১০টার দিকে হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি। এ সময় উত্তাল ঢেউয়ের আঘাতে শাহাবুদ্দিন ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান।
আরও পড়ুন
সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও তার কোনো সন্ধান পাননি। পরে ট্রলার মালিক জালাল বিশ্বাস মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় লেম্বুরবন সংলগ্ন সৈকতে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে শাহাবুদ্দিনের মরদেহ।