ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ১০:২৭ পিএম

পৌনে ২ ঘন্টার বৃষ্টিতে বগুড়া মহানগরে নাগরিক ভোগান্তি

ছবি: দৈনিক করতোয়া, পৌনে ২ ঘন্টার বৃষ্টিতে বগুড়া মহানগরে নাগরিক ভোগান্তি

শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়া মহানগর ও এর আশেপাশের এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর থেকে টানা বর্ষণে শহরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই বৃষ্টিতে যান চলাচলে নেমে আসে স্থবিরতা। টানা দুই ঘণ্টার বর্ষণে বেশকিছু গুরুত্বপূর্ণ সড়ক এবং নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও ক্রেতা।

সামান্য থেকে মাঝারি ধরনের বৃষ্টিতেই থৈ থৈ করছে বগুড়া মহানগরের প্রধান প্রধান সড়ক ও নিচু এলাকাগুলো।  বৃহস্পতিবার দুপুরের টানা বর্ষণে অচল হয়ে পড়েছে উত্তরের এই প্রধান বাণিজ্যিক নগরের স্বাভাবিক জীবনযাত্রা। মাত্র দুই ঘণ্টার বৃষ্টিপাতে শহরের ড্রেনেজ ব্যবস্থার রূপটি আবারও উন্মোচিত হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী, চাকরিজীবী, শিক্ষার্থী এবং স্থানীয় ব্যবসায়ীরা। বগুড়া আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ২টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ ঘণ্টা ৪০ মিনিটে শহরে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সরেজমিনে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির পরপরই মালতিনগর, কলোনি এবং সেউজগাড়ী এলাকার বেশিরভাগ রাস্তাঘাট ও বসতবাড়ির আঙিনা জলমগ্ন হয়ে পড়ে। নগরের প্রাণকেন্দ্র সাতমাথা জিলা স্কুলের সামনে থেকে ইয়াকুবিয়া স্কুল মোড় এবং বনানীমুখী প্রধান সড়কের বেশকিছু অংশে পানি জমে যায়। সবচেয়ে বিপত্তি ঘটেছে ড্রেনের নোংরা পানি উপচে রাস্তায় চলে আসায়। একদিকে নোংরা পানির তীব্র দুর্গন্ধ, অন্যদিকে খানাখন্দ দেখতে না পাওয়ায় সাধারণ মানুষকে চরমঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া খান্দার গোহাইল রোডের পাসপোর্ট অফিস, শেহা প্যালেস, সবুজবাগ তাপসী রাবেয়া স্কুল লেন, মালগ্রাম, জামিলনগর, নামাপাড়া, কলেজপাড়া এবং সূত্রাপুর কসাইপাড়া এলাকার মূল সড়কগুলোতে বিকেল পর্যন্ত হাঁটু পানি জমে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন

জলাবদ্ধতার কারণে বিকেলে থেকে যান চলাচলে বিশেষ করে মহানগরের প্রধান বাহন ইজিবাইক, অটোরিকশা ও রিকশা চলাচলে বিঘ্ন ঘটে। সুযোগ বুঝে কিছু চালক দ্বিগুণ ভাড়া দাবি করায় সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। বৃষ্টির তীব্রতা ও জলাবদ্ধতার সরাসরি প্রভাব পড়েছে শহরের ব্যবসা-বাণিজ্যে। সাতমাথা ট্রাফিক বক্স থেকে গোহাইল রোডমুখী সড়কের উভয় পাশে বিকেল ৫টা পর্যন্ত পানি জমে থাকায় শহরের বড় বড় ব্যবসায়িক কেন্দ্রগুলোতে ক্রেতা সমাগম শূন্যের কোটায় নেমে আসে। বাইসাইকেলের যন্ত্রাংশের মার্কেট, বিভিন্ন দূরপাল্লার বাসের টিকিট কাউন্টার এবং দই-মিষ্টির দোকানগুলোর ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হোন। মেরিনা মার্কেটের ইলেকট্রিক ব্যবসায়ী সোহরাব হোসেন অভিযোগ করে বলেন, সড়কের ওপর ভ্রাম্যমাণ দোকানদারদের ফেলে যাওয়া বর্জ্য ও প্লাস্টিক ড্রেনে আটকে যায়। ফলে সামান্য বৃষ্টি হলেই ড্রেন উপচে আমাদের দোকানের ভেতর পানি ঢুকে মালামাল নষ্ট হয়।

শহরের অন্যতম ব্যস্ত এলাকা সেউজগাড়ীর তালুকদারপাড়া, বগুড়া নার্সিং হোম ও সূত্রাপুর রাবেয়া নার্সিং হোমের সামনে দীর্ঘ সময় হাঁটু পানি জমে ছিল। এই জলাবদ্ধতার কারণ ও নিরসন সম্পর্কে জানতে চাইলে বগুড়া সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সহকারী মিনহাজ জানান, বিশাল এই ওয়ার্ডের বর্জ্য ও ড্রেন পরিষ্কারের জন্য তাদের জনবল রয়েছে মাত্র ১৪ জন। তিনি আরও জানান, আশেপাশের কয়েকটি এলাকার ড্রেনের মূল সংযোগ সেউজগাড়ী এলাকার ওপর দিয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই ড্রেনগুলো ধারণক্ষমতা হারিয়ে ফেলে এবং পানি উপচে পড়ে।

বগুড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তা মামুনুর রশিদ মামুন বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারের কাজ চলমান থাকলেও অতিরিক্ত বৃষ্টির পানির চাপে তা সাময়িকভাবে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। সীমিত সক্ষমতার বাইরেও অতিরিক্ত খণ্ডকালীন নিয়োগকৃত জনবলের মাধ্যমে তারা নিয়মিতই বিভিন্ন ওয়ার্ডেও মাস্টার ড্রেন পরিষ্কার করছেন। অতিদ্রুতই জলাবদ্ধতা থেকে নগরবাসী স্থায়ীভাবে মুক্তি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা 

বগুড়ায় শিশু ধর্ষণের চেষ্টা, ইমামকে পিটিয়ে পুলিশে দিল জনতা

পঞ্চগড়ে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু 

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

পৌনে ২ ঘন্টার বৃষ্টিতে বগুড়া মহানগরে নাগরিক ভোগান্তি

বগুড়ায় গাক আয়োজিত জব ফেয়ার তাৎক্ষণিক চাকরি পেলেন ১৪৮জন