পবিত্র আশুরা আজ
আজ শুক্রবার পবিত্র আশুরা। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ। ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বে ভরপুর এ দিনটি মুসলিম উম্মাহর কাছে যেমন ইবাদত ও আত্মত্যাগের শিক্ষা বহন করে, তেমনি কারবালার হৃদয়বিদারক ঘটনার কারণে এটি গভীর শোকেরও প্রতীক।
ইসলামের ইতিহাসে ৬১ হিজরির ১০ মহররম, অর্থাৎ ৬৮০ খ্রিস্টাব্দের এই দিনে ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সঙ্গীরা ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে সত্য, ন্যায় ও মানবিক মর্যাদা রক্ষার সংগ্রামে শাহাদাত বরণ করেন।
ইসলামের ইতিহাসে আশুরা নানা গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক হলেও কারবালার এই আত্মত্যাগই দিনটিকে বিশেষ মর্যাদা দিয়েছে। সত্য ও ন্যায়ের জন্য আত্মোৎসর্গের এই ঘটনা যুগে যুগে মানবতার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা বাণীতে আশুরার শিক্ষা ধারণ করে শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
দিবসটি উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যম দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।
রাজধানী ঢাকাসহ সারা দেশে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শোকাবহ পরিবেশে তাজিয়া মিছিল, শোকসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
আরও পড়ুনএসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীতে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি না হওয়া, ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ, ব্যাগ, পোটলা বা সন্দেহজনক কোনো বস্তু বহন না করা, উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম, ঢাক-ঢোল, আতশবাজি ও পটকা ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত সড়কগুলোতে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। যানজট এড়াতে এবং মিছিলে অংশগ্রহণকারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
এদিকে পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ বারান্দায় ‘আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. মহিউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।
ইসলামী চিন্তাবিদরা মনে করেন, কারবালার ঘটনা শুধু একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নয়, বরং অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণের এক অনন্য দৃষ্টান্ত। সত্য, ন্যায় এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আত্মত্যাগের এই শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








