ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জুন, ২০২৬ ০৬:৫৩ পিএম

আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে নামাজ পড়া কি জায়েজ?

আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে নামাজ পড়া কি জায়েজ?

প্রশ্ন: ফুটবল বিশ্বকাপের মৌসুমে অনেকেই ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের জার্সি পরিধান করে এবং অনেক সময় এসব জার্সি পরেই নামাজ আদায় করে। প্রশ্ন হলো, বিভিন্ন দেশের ফুটবল টিমের জার্সি পরে নামাজ আদায় করলে কি নামাজ শুদ্ধ হবে?

উত্তর: ব্রাজিল-আর্জেন্টিনাসহ কোনো দেশের ফুটবল বা ক্রিকেট টিমের জার্সির সঙ্গে মিল রেখে বানানো গেঞ্জি পরে নামাজ আদায় করা জায়েজ যদি তাতে কোনো প্রাণীর ছবি না থাকে।

এসব গেঞ্জিতে অনেক সময় বাঘ, সিংহ, ঈগল বা অন্য প্রাণীর ছবি থাকে, মানুষের ছবিও থাকে। পোশাকে কোনো প্রাণীর স্পষ্ট ছবি দৃশ্যমান থাকা অবস্থায় নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। কোনো প্রাণীর স্পষ্ট দৃশ্যমান ছবিযুক্ত পোশাক নামাজের বাইরেও পরিধান করা নাজায়েজ।

হজরত আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) যখন তাবুক যুদ্ধের সফরে ছিলেন, আমি আমার ঘরে পাতলা কাপড়ের একটি পর্দা লাগিয়েছিলাম; তাতে প্রাণীর অনেকগুলো ছবি ছিলো। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফিরে এসে যখন এটা দেখলেন, তখন তা ছিঁড়ে ফেললেন এবং বললেন, কেয়ামতের দিন সে সব মানুষের সবচেয়ে কঠিন শাস্তি হবে, যারা আল্লাহর সৃষ্টির (প্রাণীর) অনুরূপ তৈরি করবে। (সহিহ বুখারি)

আরেকটি হাদিসে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করেন না যাতে কোনো কুকুর রয়েছে এবং এমন ঘরেও না, যাতে কোনো (প্রাণীর) ছবি রয়েছে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

আরও পড়ুন

তবে মাকরুহ হওয়ার পরও ছবিযুক্ত গেঞ্জি পরে নামাজ পড়ে ফেললে নামাজ শুদ্ধ হবে, ওই নামাজ আবার পড়তে হবে না। নামাজে আমরা মহান আল্লাহর সামনে দাঁড়াই। তাই সাধ্যানুযায়ী মার্জিত পোশাক পরে নামাজ আদায় করা উচিত।

নামাজের পোশাক এমন হওয়া উচিত যে পোশাক পরে আমরা সম্মানিত ব্যক্তিদের সাথে সাক্ষাত করতে বা গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে লজ্জাবোধ করি না। যে অবস্থায় আমরা সম্মানিত মানুষদের সাথে সাক্ষাত করতে যাই না, ওই অবস্থায় নামাজে দাঁড়ানো তথা আল্লাহর সামনে দাঁড়ানোও উচিত নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান! প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। (সুরা আরাফ: ৩১)

তাই একান্ত অপারগ না হলে কোনো দেশের ফুটবল বা ক্রিকেট টিমের জার্সি পরে নামাজ আদায় করা উচিত নয়, যথাসাধ্য উত্তম, মার্জিত ও সুন্দর পোশাক পরে নামাজ আদায় করা উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে নামাজ পড়া কি জায়েজ?

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

যুক্তরাষ্ট্রের ভ্রমণ-নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে ইরানের অভিযোগ

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

দেয়ালে মানুষের ছবি থাকলে ওই কক্ষে নামাজ হবে?

বিশ্বকাপ উন্মাদনায় অংশ নিতে বাংলাদেশে আর্জেন্টাইন নাগরিক