নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল
বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি ছিল ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল। প্রায় চার দশক পর সেই ঐতিহাসিক গোলে ব্যবহৃত বল এবার উঠছে নিলামে। ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক হিসেবে বিবেচিত বলটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি টাকা।
১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ম্যারাডোনা হাত দিয়ে বিতর্কিত সেই গোলটি করেছিলেন। একই ম্যাচে তিনি করেন ‘গোল অব দ্য সেঞ্চুরি’খ্যাত আরেকটি অসাধারণ গোলও, যা বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত।
নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস বলটিকে সংগ্রাহকদের জন্য ‘হলি গ্রেইল’ বা সবচেয়ে আকাঙ্ক্ষিত ফুটবল স্মারক হিসেবে আখ্যা দিয়েছে। প্রতিষ্ঠানটির ধারণা, বলটির মূল্য ২০২২ সালে নিলামে বিক্রি হওয়া ম্যারাডোনার সেই ম্যাচের জার্সির কাছাকাছি পৌঁছাতে পারে। ওই জার্সিটি বিক্রি হয়েছিল ৯২ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩ কোটি টাকা।
হেরিটেজ অকশনসের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজালে বলেন, এই বলের সঙ্গে তুলনা করার মতো আর কোনো ফুটবল স্মারক নেই। তার ভাষায়, এটি সত্যিকার অর্থেই অনন্য এবং ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর একটি।
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল-স্মারকের বাজারেও নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। প্রোভেনজালের মতে, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া-সংগ্রাহক বাজার যুক্তরাষ্ট্রে ফুটবল-সংক্রান্ত সংগ্রহযোগ্য সামগ্রীর চাহিদা দ্রুত বাড়ছে।
আরও পড়ুনতিনি জানান, একসময় ক্রীড়া-স্মারকের বাজার মূলত বাস্কেটবল, বেসবল, আমেরিকান ফুটবল ও আইস হকিকেন্দ্রিক ছিল। তবে গত কয়েক বছরে ফুটবল, ফর্মুলা ওয়ান এবং পেশাদার রেসলিংয়ের স্মারকের মূল্য ও জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশেষ করে আধুনিক ট্রেডিং কার্ডের বাজারে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের কার্ডের দাম এখন আকাশছোঁয়া। বড় টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে এসব সংগ্রহযোগ্য সামগ্রীর মূল্যও দ্রুত ওঠানামা করে।
প্রোভেনজালে জানান, তাদের নিলামে থাকা মেসির কিছু ট্রেডিং কার্ডের দামও তার সাম্প্রতিক হ্যাটট্রিকের পরপরই বেড়ে গেছে। তার মতে, বিশ্বকাপের নকআউট পর্বে যারা নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন, তাদের স্মারকের মূল্যও দ্রুত বাড়বে।
মন্তব্য করুন









