নাটোরের লালপুরে ফসলি জমির মাটি কাটায় ইটভাটা মালিকসহ গ্রেফতার ২
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল (উর্বর অংশ) কেটে বিক্রি ও মাটি পরিবহণের অপরাধে ইট ভাটার মালিকসহ দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ রোববার (১৪ জুন) বিকেলে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শনিবার রাত দেড়টায় উপজেলার লালপুর ইউনিয়নের মঞ্জিলপুকুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বিবিআর ইটভাটা মালিক মো: রফিকুল ইসলাম (৪০) ও এক্সকেভেটর (ভেকু) মেশিনের চালক মো: মেহের আলী (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত দেড়টায় লালপুর ইউনিয়নের মঞ্জিলপুকুর গ্রামস্থ মো: রফিকুল ইসলাম তার বিবিআর ইট ভাটার পূর্বপাশে নাজিরুল রহমানের জমিতে অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) মেশিন দিয়ে ফসলি জমির টপ সয়েল (উর্বর অংশ) কেটে বিক্রি করছিল।
আরও পড়ুনস্থানীয়রা বিষয়টি লালপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে বিবিআর ইটভাটা মালিক মো: রফিকুল ইসলাম ও এক্সকেভেটর (ভেকু) মেশিনের চালক মো: মেহের আলীকে আটক করে। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর (ভেকু) মেশিন ও মাটি পরিবহণের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করে পুলিশ। এসময় মাটি খনন কাজে জরিত আরো ২-৩ জন পলিয়ে যায়।
লালপুর থানার (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় একটি মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত দু’জনকে আজ রোববার (১৪ জুন) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাটি খনন ও পরিবহণ কাজে ব্যবহৃত এক্সকেভেটর (ভেকু) মেশিন ও ট্রাক্টর জব্দ করে থানায় আনা হয়েছে।
মন্তব্য করুন








