মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব শিল্পাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পপ আর্ট আন্দোলনের অগ্রদূত এবং সমসাময়িক চিত্রকলার অন্যতম প্রভাবশালী শিল্পী ডেভিড হকনি আর নেই। ৮৮ বছর বয়সে লন্ডনের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শুক্রবার তার প্রচারক এরিকা বোল্টন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আগামী মাসেই ৮৯ বছরে পা দেওয়ার কথা ছিল এই কিংবদন্তি শিল্পীর।
১৯৩৭ সালে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরে জন্ম নেওয়া ডেভিড হকনি ছোটবেলা থেকেই শিল্পচর্চার প্রতি গভীর অনুরাগী ছিলেন। ব্র্যাডফোর্ড স্কুল অব আর্ট এবং রয়্যাল কলেজ অব আর্টে পড়াশোনা শেষে তিনি আন্তর্জাতিক শিল্পাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শিল্পপ্রেমী ও সমালোচকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ষাটের দশকে পপ আর্ট আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া হকনি জীবনের শেষ সময় পর্যন্ত সৃষ্টিশীলতায় সক্রিয় ছিলেন। ২০১৮ সালে তার বিখ্যাত চিত্রকর্ম ‘পোর্ট্রেট অব অ্যান আর্টিস্ট (পুল উইথ টু ফিগারস)’ নিউইয়র্কে নিলামে ৯ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি হয়ে জীবিত শিল্পীর কাজ হিসেবে সে সময় রেকর্ড গড়েছিল। শিল্প সম্পর্কে নিজের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে গত বছর তিনি বলেছিলেন, ছবি আঁকার মধ্যেই তিনি সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পান।
আরও পড়ুনশিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৭ সালে যুক্তরাজ্য সরকার তাকে ‘কম্প্যানিয়ন অব অনার’ উপাধিতে ভূষিত করে। চলতি বছর তিনি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননাও লাভ করেন। পম্পিদু সেন্টার তার কর্মজীবনকে মূল্যায়ন করে জানিয়েছে, হকনির শিল্পকর্ম আগামী প্রজন্মের কাছেও সমানভাবে উজ্জ্বল ও প্রাসঙ্গিক হয়ে থাকবে।
এদিকে রয়্যাল কলেজ অব আর্ট তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছে, ডেভিড হকনি ছিলেন শিল্পকলার জগতে এক অবিসংবাদিত কণ্ঠস্বর। তার বিদায়ে বিশ্ব শিল্পাঙ্গন হারাল এক অনন্য স্রষ্টাকে, যার প্রভাব ও সৃষ্টিকর্ম যুগের পর যুগ অনুপ্রেরণা জোগাবে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








