ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ১১:০০ এএম

প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসী জয় ইংল্যান্ডের

প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসী জয় ইংল্যান্ডের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: প্রকৃতির বাধা তাদের থামাতে পারেনি। তীব্র ঝড়ের কারণে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকলেও মাঠে ফিরে নিজেদের ছন্দ হারায়নি ইংল্যান্ড। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী এক বার্তাই দিল থমাস টুখেলের দল।

বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে থ্রি লায়ন্সরা। প্রতিপক্ষকে চাপে রেখে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের নিখুঁত পাস থেকে ডেকলান রাইস বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন।

গোল পাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি ইংল্যান্ড। মাঝমাঠে জুড বেলিংহামের দাপুটে উপস্থিতি এবং আক্রমণভাগে গর্ডনের গতিময় ফুটবল কোস্টারিকার রক্ষণকে বারবার বিপদে ফেলে। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল স্বাগতিকরা। ৩৬ মিনিটে বেলিংহামের বাড়িয়ে দেওয়া বল থেকে গোলের সুবর্ণ সুযোগ তৈরি করেন ননি মাদুয়েকে। গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা পোস্ট পেলেও তার শট পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে ইংল্যান্ড। ৬৮ মিনিটে বেলিংহামের দুর্দান্ত এক দৌড় থেকে তৈরি হয় দ্বিতীয় গোলের পরিস্থিতি। তার পাস থেকে এবারিশি এজের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে কোনো ভুল করেননি অ্যান্থনি গর্ডন। ফলে ব্যবধান দাঁড়ায় ২-০।

আরও পড়ুন

ম্যাচের শেষ দিকে এসে আরও একবার উল্লাসে মাতে ইংল্যান্ড শিবির। নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে বদলি হিসেবে মাঠে নামা অলি ওয়াটকিন্স নিখুঁত এক হেডে কোস্টারিকার জালে বল পাঠান। তার গোলে ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

বিশ্বকাপ শুরুর ঠিক আগে এমন দাপুটে পারফরম্যান্স টুখেলের দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—তিন বিভাগেই নিজেদের প্রস্তুতির ইতিবাচক বার্তা দিয়েছে থ্রি লায়ন্সরা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপে ‘এল’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড। আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। একই গ্রুপে ইংলিশদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় উতরে গিয়ে তাই পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই শিরোপার লড়াইয়ে নামছে ইউরোপের অন্যতম শক্তিশালী দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসী জয় ইংল্যান্ডের

সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে বাংলাদেশ

বাহরাইন, কুয়েত ও জর্ডানে হামলা ইরানের 

আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা 

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী