লালমনিরহাটের তিন ভাই-বোনের দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের চালার নিচে মানবেতর জীবনযাপন করা বাবা-মা হারা অসহায় তিন ভাই-বোনের দায়িত্ব নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। প্রায় সাত বছর আগে বাবা নিখোঁজ হওয়া এবং তিন বছর আগে মা অন্যত্র চলে যাওয়ায় মাত্র ১৭/১৮ বছর বয়সেই বড় ভাই শাকিলের কাঁধে চেপেছিল সংসারের বিশাল বোঝা।
গত ২৬ মে বিকেলে জেলা শহরের গোল্ডেন বাজার সংলগ্ন ডিসি পার্ক আবাসনে ওই তিন ভাই-বোনের জন্য একটি নতুন ও নিরাপদ ঘরের ব্যবস্থা সম্পন্ন করার পর তিনি এই মানবিক উদ্যোগ নেন। এর আগে মানবেতর জীবনযাপন করা বাবা-মা হারা শাকিল, শাহনাজ ও ছোট্ট শিউলির দিনরাত্রীর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়ভাবে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
নতুন ঘর হস্তান্তর শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সংশ্লিষ্ট আবাসন আধুনিকায়ন করে গড়ে তোলার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সাথে এখানে বসবাসরত তিনশ’ পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন দাবি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
আরও পড়ুনএসময় নারী শিক্ষার প্রসারে আবাসনের স্কুলগামী মেয়ে শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল এবং আবাসনের সকল শিশু শিক্ষার্থীদের স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও জুতা দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। পরে শাকিল, শাহনাজ ও শিউলির পরিবারের মাঝে ৩০ কেজি চাল বিতরণ করেন এবং বরাদ্দকৃত ঘরের সামনে একটি ফলদ বৃক্ষ রোপণ করেন মন্ত্রী।
এসময় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল আমিন প্রমুখ।
মন্তব্য করুন

_medium_1780322997.jpg)





