ক্লাসরুম থেকে কর্পোরেট: জবি ক্যারিয়ার ক্লাবের ১৫ বছরের গৌরবময় পথচলা
সৃজন সাহা, জবি প্রতিনিধি: প্রতিষ্ঠার ১৫ বছর পূর্ণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি)। ২০১১ সালের ১ জুন একদল দূরদর্শী শিক্ষার্থীর উদ্যোগে যাত্রা শুরু করা সংগঠনটি গত দেড় দশকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
শুরুতে সীমিত পরিসরে কয়েকটি সেমিনার ও কর্মশালার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে বর্তমান ও সাবেক সদস্য, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় জেএনইউসিসি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ ও সক্রিয় ছাত্র-নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সংগঠনটি ক্যাম্পাসে ক্যারিয়ার সচেতনতার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তুলতেও ভূমিকা রেখেছে।
ক্লাবটির লক্ষ্য কেবল চাকরিপ্রার্থী তৈরি করা নয়; বরং শিক্ষার্থীদের দক্ষ, আত্মবিশ্বাসী এবং নেতৃত্বগুণসম্পন্ন পেশাজীবী হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে সংগঠনটি নিয়মিত ক্যারিয়ার গাইডেন্স, চাকরিবিষয়ক তথ্যসহায়তা, সেমিনার, কর্মশালা ও বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
জেএনইউসিসির নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে দেশের শীর্ষস্থানীয় পেশাজীবীদের অংশগ্রহণে ক্যারিয়ার সেমিনার ও কর্মশালা, সার্টিফিকেশন কোর্স, প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং প্রোগ্রাম। পাশাপাশি সিভি রাইটিং, লিডারশিপ ডেভেলপমেন্ট, সফট স্কিল প্রশিক্ষণ, আইডিয়া ও বিজনেস কেস প্রতিযোগিতা এবং ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের মতো কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা হয়।
গত ১৫ বছরে ক্লাবটি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ আয়োজন পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে Leadership Development Program (LDP), Uplift Your Career, Crafting Career Story, Have Power on PowerPoint and Presentation, Phoenix of Presentation, Creative Maniac, INCUBE এবং Dacoit of Excellence। এসব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আরও পড়ুনসংগঠনটির অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ “National Job Junction”। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে জানার সুযোগ পেয়ে থাকেন। ক্লাব সূত্রে জানা যায়, ২০২৫ সালে আয়োজিত জব ফেয়ারে ৩৫টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং শতাধিক চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি হয়।
বিগত বছরগুলোতে জেএনইউসিসির নেটওয়ার্ক দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি-বেসরকারি সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠানে বিস্তৃত হয়েছে। সংগঠনটির অনেক সাবেক সদস্য বর্তমানে দেশ-বিদেশে উদ্যোক্তা, কর্পোরেট কর্মকর্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় কর্মরত রয়েছেন। তারা নিয়মিত ক্যাম্পাসে ফিরে এসে শিক্ষার্থীদের মেন্টরিং ও দিকনির্দেশনা প্রদান করেন।
সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যদের মতে, নিবেদিতপ্রাণ কর্মী, স্বেচ্ছাসেবক এবং উপদেষ্টামণ্ডলীর সম্মিলিত প্রচেষ্টাই এ দীর্ঘ যাত্রার মূল শক্তি। তাদের ভাষ্য, জেএনইউসিসি শুধু একটি ক্লাব নয়; বরং টিমওয়ার্ক, সময় ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা এবং সমস্যা সমাধানের মতো বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্ম।
১৫ বছর পূর্তির এই মাইলফলককে সামনে রেখে ভবিষ্যতের কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন পরিকল্পনা ও কার্যক্রম হাতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিক্ষার্থীদের স্বপ্ন ও বাস্তবতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে আগামী দিনেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব তার ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1780047300.jpg)




