ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ০৪:৫৫ দুপুর

ঈদে বাড়ি ফেরা : এবারের যাত্রা স্বস্তির হবে তো

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। আর সেই ঈদের আনন্দতো অনেকাংশে বাড়ে যখন প্রিয় মানুষগুলোর সাথে ঈদের আনন্দ উপভোগ করা যায়। সারাবছর কেবল এই কয়েকটি দিনের অপেক্ষায় দিন কাটে লাখো মানুষের। কিন্তু সেই আনন্দের দিনের পেছনেও যেন লুকিয়ে থাকে অদেখা এক আতঙ্ক। আর সেটা ঈদ যাত্রা। প্রিয় মুখগুলোকে দেখতে প্রাণের শহর ঢাকা ছাড়ে লাখো মানুষ। তাইতো সবার বাড়ি ফেরার পথে তৈরি হয় বিশৃঙ্খলা আর জনমনে জন্মে অশান্তি। ঈদে প্রধানত মানুষ বাস,ট্রেন ও লঞ্চে করে শহর ছাড়ে। তাইতো স্বাভাবিকভাবে চাপও বাড়বে এসকল পথে। যদিও পদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টা থাকে সর্বোচ্চ  তবুও ঈদ যাত্রায় ভোগান্তি আর দুর্ঘটনার চিত্র এদেশের মানুষের কাছে নতুন কিছু নয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদন অনুযায়ী গত ঈদুল ফিতর ২০২৬ এ সড়ক নৌ ও রেলপথ মিলিয়ে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪টি নিরীহ প্রাণ অকালেই হারিয়ে গিয়েছে। আহতের সংখ্যাও প্রায় ১২৮৮ জন। তাই ঈদ যাত্রা নির্বিঘ্ন করে মানুষকে স্বস্তির একটা ঈদ উপহার দিতে প্রয়োজন কার্যকর কিছু উদ্যোগ। প্রথমত সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয় থাকাটা সবচেয়ে বেশি জরুরি। এক্ষেত্রে প্রয়োজনে সরকারি চাকুরিজীবীদের কারো কারো ঈদের ছুটি আপস করা যেতে পারে। সকলের ছুটির ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন। যাতে একই সাথে সকলের ছুটি হলে চাপ হওয়া এড়ানো যায়। 

ঈদ যাত্রায় সড়কপথে সবচেয়ে বড় আতঙ্কের নাম যানজট। তাইতো যানজট নিয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। প্রায়ই প্রত্যক্ষ করা যায় যেখানে সেখানে বাস দাঁড়িয়ে যাত্রী তুলতে। ফলে সেই বাসের পেছনে দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এক্ষেত্রে পুলিশের ট্রাফিক বিভাগকে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যেন যানচলাচলে কোথাও বাধাপ্রাপ্ত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। টোল প্লাজাগুলোতে অতিরিক্ত লোক নিয়োগ করে দ্রুত টোল আদায়ের ব্যবস্থা করে দিতে হবে। এছাড়াও সড়কে দুর্ঘটনা রোধে চালকদের যথাযথ বিশ্রামের ব্যবস্থা করতে হবে। লাইসেন্স এবং ফিটনেস ছাড়া যাতে কোন যান চলাচল করতে না পারে সেদিকেও নজর রাখতে হবে। ভাঙা সড়ক দ্রুততম সময়ের মাঝেই ঠিক করতে হবে। সেই সাথে বাসে যাতে কোন ক্রমেই যাত্রীদের জিম্মি করে বেশি ভাড়া আদায় না করতে পারে এজন্য দরকার সরকারের কঠোর নজরদারি। 

ঢাকায় বসবাসরত নাগরিকদের একটা বিরাট অংশ রেল পথে ঢাকা ছাড়েন। তাই রেলের উপর চাপও বাড়ে। ঈদ যাত্রা শুরু হওয়ার আগেই তাই রেলের ইঞ্জিনগুলোকেও পরীক্ষা নিরীক্ষা এবং রক্ষণাবেক্ষণে আগে থেকেই মনোযোগী হতে হবে। রেল পথের ঝুঁকি মোকাবেলায় আগে থেকেই পদক্ষেপ নিতে হবে। এসকল পদক্ষেপ নিয়ে রেলের শিডিউল বিপর্যয় রোধ করা গেলেও রেল যাত্রার আরো এক আতঙ্কের নাম টিকেট। বিভিন্ন গণমাধ্যম থেকে প্রতি বছরই টিকেট কালোবাজারির খবর পাওয়া যায়। অনলাইন থেকে অফলাইন সব ব্যবস্থার নানা ফাঁক ফোকর ব্যবহার করে মানুষের বিশাল অস্তিত্ব কারণ হয়ে দাঁড়ায় পাশাপাশি কালোবাজারে বেশী দামে টিকেট কেনা ছাড়া কোন উপায়ই থাকে না যাত্রীদের। 

এত গেল সড়ক ও রেল পথের চিত্র। এর বাইরেও লঞ্চে দেশের দক্ষিণ অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফেরে। মোটামুটি স্বস্তির যাত্রা হলেও ব্যাপক যাত্রী চাপে লঞ্চেও নানা বিশৃঙ্খলা দেখা মেলে। গত ঈদে দুটি লঞ্চে মানুষের পিষ্ট হওয়ার দৃশ্য তো পুরো বাংলাদেশেকেই কাঁপিয়ে দিয়েছিল। এবার এমন কিছু দেখতে চায় না এই বাংলাদেশ। তাই নৌ পথে বাড়তি নজরদারি জরুরি। প্রথমত সদরঘাটে পৌঁছানোর সড়কগুলোও যানজট মুক্ত করতে হবে। সময় অনুযায়ী লঞ্চ ছাড়া এবং লঞ্চে যাতে কোন ক্রমেই অতিরিক্ত যাত্রী না উঠতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ট্রলার দিয়ে লঞ্চে উঠা নিষিদ্ধ করতে হবে। দেশব্যাপী নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কার্যক্রম বৃদ্ধি করে মোবাইল কোর্ট পরিচালানা কার্যকর করতে হবে। ঈদ যাত্রাকে যথাযথ গুরুত্ব দিয়ে সামান্য কিছু পদক্ষেপই বদলে পারে পুরো ঈদ যাত্রার পরিস্থিতি। মনে রাখতে হবে ঈদ এদেশের মানুষের সবচেয়ে বড় ধর্মীয় আনন্দের বিষয়। এই আনন্দে একটা দুর্ঘটনা কারো জীবনের সব ঈদের আনন্দই বিষাদে পরিণত হতে পারে। তাই যাত্রীদের নিজেদেরও যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করতে হবে। কখনোই সময়কে মূল্য দিয়ে জীবনকে হেলাফেলা করা যাবে না। সকল ভোগান্তি আর প্রতিবন্ধকতা উপেক্ষা করে এবারের ঈদ যাত্রা হোক ইতিহাসের সেরা স্বস্তির যাত্রা। একটা প্রাণও যেন অকালে হারিয়ে না যায়।

আরও পড়ুন

লেখক :

আরাফাত নাফিজ

শিক্ষার্থী, লোক প্রশাসন 
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে বাড়ি ফেরা : এবারের যাত্রা স্বস্তির হবে তো

পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস , বক্তব্য ভাইরালের পর ওসিকে ক্লোজড

ঈদুল আজহায় ত্যাগের শিক্ষা বনাম বাস্তবতা

কোরবানির শিক্ষা, তাৎপর্য ও আমাদের করণীয়

অবৈধভাবে সীমান্ত অতিক্রম, নারী-শিশুসহ আটক ১০

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫