ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতের জন্য বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের বরাতে আজ মঙ্গলবার (২৬ মে) বাসস জানায়, ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে।
ঈদের টানা সাত দিনের সরকারি ছুটিতে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ তদারকি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্ভাব্য বাড়তি চাহিদা মোকাবিলায় পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে। জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, “ঈদের সময় অফিস-আদালত ও শিল্পকারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। বৃষ্টি হলে চাহিদা আরও কমে যেতে পারে।
তিনি জানান, ঈদের সময় ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে। কিছু ইউনিট নির্ধারিত রক্ষণাবেক্ষণে রাখা হলেও অতিরিক্ত চাহিদা মোকাবিলায় হেভি ফুয়েল অয়েল বা ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন চালু রাখা হয়েছে। “আমাদের পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা রয়েছে। ফলে ঈদের সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে,” বলেন তিনি।
তিনি আরও জানান, সব বিতরণ কোম্পানির সঙ্গে অনলাইন সভার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। পিডিবির চারটি জোনে কর্মকর্তাদের মাঠপর্যায়ে উপস্থিত থাকতে বলা হয়েছে, যাতে ঝড়-বৃষ্টিতে কোনো লাইন ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামত করা যায়।
বিপিডিবি জানিয়েছে, ঈদের সময় শিল্পাঞ্চল ও অফিস-আদালতে বিদ্যুতের চাপ কমে যাওয়ায় আবাসিক এলাকায় স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সহজ হবে। এছাড়া জাতীয় গ্রিডের ঝুঁকিপূর্ণ লাইন ও উপকেন্দ্রগুলো আগেই পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে।
আরও পড়ুনঈদের আগে ও পরে কয়েক দিন দেশব্যাপী বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। কোথাও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে দ্রুত সমাধানের জন্য মাঠপর্যায়ে প্রকৌশলী, লাইনম্যান ও কারিগরি টিম প্রস্তুত রাখা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ আরও জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা ছুটিতে অবস্থানরত এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পরিদর্শন প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিব বরাবর পাঠাতে বলা হয়েছে।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) নিজ নিজ এলাকায় বিশেষ টিম গঠন করেছে।
বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের আগেভাগে রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1779782924.jpg)
_medium_1779782674.jpg)
_medium_1779780380.jpg)




