ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ মে, ২০২৬, ০৪:২৭ দুপুর

বিক্ষোভ-বিধ্বস্ত বলিভিয়ায় একটি মুরগি নিয়েও চলছে মারামারি

সংগৃহীত,বিক্ষোভ-বিধ্বস্ত বলিভিয়ায় একটি মুরগি নিয়েও চলছে মারামারি

আন্তর্জাতিক ডেস্ক : বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজে খাদ্যসংকট তীব্র আকার ধারণ করেছে। একটি পোল্ট্রি দোকানে মুরগি কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।

৩২ বছর বয়সী হেলেন কন্ডোরি কোলে শিশুকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন। তার হাতে অপেক্ষমাণ ক্রেতাদের তালিকায় ১৩২ নম্বর লেখা ছিল।

৪৩ বছর বয়সী গৃহিণী শেয়লা কায়া বলেন, বাজারে খাবারের সংকট এতটাই বেড়েছে যে, একটি ডিম পাওয়াও কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, একটি মুরগি কেনা নিয়েও প্রতিবেশীদের মধ্যে ঝগড়া হচ্ছে।

কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাজধানীমুখী গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে রেখেছে। এর ফলে জ্বালানি, খাদ্য ও ওষুধ সরবরাহ ব্যাহত হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বেড়ে গেছে।

সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পাথর ও ছোট ডিনামাইট ছুড়লে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়।

সংঘর্ষে প্রায় ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি সরকারি প্রতিষ্ঠানে লুটপাট এবং পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

বুধবার পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সংকট পুরোপুরি কাটেনি। শত শত আদিবাসী কৃষক ও পরিবহন শ্রমিক রাজধানীতে শান্তিপূর্ণ মিছিল করেছেন। এ অবস্থায় প্রেসিডেন্ট রদ্রিগো পাজ আপোষের বার্তা দিয়ে মন্ত্রিসভা পুনর্গঠনের এবং বিক্ষোভকারীদের মতামত নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন।

তবে দেশজুড়ে এখনো ৪৪টি সড়ক অবরোধ রয়েছে, যা সংকটের গভীরতাই নির্দেশ করছে। আদিবাসী গোষ্ঠী, শিক্ষক, কৃষক, খনি শ্রমিক ও অন্যান্য শ্রমজীবী মানুষ বেতন বৃদ্ধি, জ্বালানির স্থিতিশীল সরবরাহ এবং দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট সমাধানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এই আন্দোলন এখন শুধু অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ নেই। এটি প্রেসিডেন্ট পাজের পদত্যাগের দাবিতে বড় রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই এমন তীব্র জনঅসন্তোষের মুখে পড়েছেন।

আরও পড়ুন

এদিকে রাজধানীর প্রধান বাজারগুলোতে অনেক দোকান বন্ধ থাকায় সাধারণ মানুষ খাবার সংগ্রহে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ৭৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত জাইমে কুইরোগার মতো অনেকেই প্রয়োজনীয় খাদ্যপণ্য খুঁজে পেতে বাজারে ঘুরে বেড়াচ্ছেন।

তিনি মন্তব্য করেন, ‘ব্যবসায়ীদের বিক্রি করার মতো কিছুই নেই, কারণ লরিগুলো রাস্তায় আটকে আছে।’

শনিবার, পুলিশ ও সেনাবাহিনী কয়েকটি ট্রাকের বহরকে পার করানোর জন্য বিক্ষোভকারীদের সঙ্গে ১২ ঘণ্টা ধরে লড়াই করে, কিন্তু সঙ্গে সঙ্গেই রাস্তা অবরোধগুলো পুনরায় স্থাপন করা হয়। ঘাটতি মেটাতে সরকার পূর্বাঞ্চলের কৃষিপ্রধান এলাকা সান্তা ক্রুজ এবং কেন্দ্রীয় শহর কোচাবাম্বা থেকে আকাশপথে মাংস ও সবজি আনা শুরু করেছে। কিন্তু দাম বেড়েই চলেছে।

সংকটের প্রভাব এখন সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়ছে। আদিবাসী সবজি বিক্রেতা গ্রাসিয়েলা জুলেতা জানান, এত বেশি দামের কারণে অনেক ক্রেতাই কিছু না কিনে ফিরে যাচ্ছেন। রাজধানী লা পাজের কেন্দ্রস্থলে জ্বালানির জন্য গ্যাস স্টেশনগুলোর বাইরে কয়েকশ মিটার দীর্ঘ সারি দেখা গেছে। জ্বালানি সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের।

ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট রদ্রিগো পাজ-এর প্রথম দিকের অন্যতম সিদ্ধান্ত ছিল বহু বছরের জ্বালানি ভর্তুকি তুলে নেওয়া। সরকারের মতে, এই ভর্তুকি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমিয়ে অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করছিল। তবে ভর্তুকি কমানোর পর জ্বালানির দাম দ্রুত বেড়ে যায়। এর ফলে কিছু ফিলিং স্টেশন নিম্নমানের বা দূষিত জ্বালানি বিক্রি করতে বাধ্য হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

৩৪ বছর বয়সী মিনিবাস চালক ফাবিও গুতিয়েরেজ জানান, নিম্নমানের জ্বালানি ব্যবহারের কারণে তার গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা মেরামত করতে ১ হাজার ডলারের বেশি খরচ করতে হয়েছে।

মঙ্গলবার জ্বালানি নিতে পাঁচ ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাকে। তিনি আশঙ্কা করছেন, একই ধরনের সমস্যা আবারও হতে পারে। খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকট এবং দীর্ঘ বিক্ষোভের কারণে বলিভিয়ার সাধারণ মানুষ ক্রমেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভ-বিধ্বস্ত বলিভিয়ায় একটি মুরগি নিয়েও চলছে মারামারি

দিল্লিতে ‘কেন্দ্রীয় মন্ত্রিসভার’  বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদি

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

ইরান সফরে পাকিস্তানি সেনাপ্রধান

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য : সিইসি

সুনামগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু