ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ মে, ২০২৬, ০১:৩৭ রাত

ইত্যাদির অনুষ্ঠান দেখতে যাওয়া শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি

ছবি : সংগৃহীত, ইত্যাদির অনুষ্ঠান দেখতে যাওয়া শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র এবারের আয়োজনকে ঘিরে নরসিংদীর রায়পুরায় চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় ঠেলাঠেলি ও হট্টগোলের সুযোগে কয়েকজন সাংবাদিকসহ অন্তত শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টায় রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের রামনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠানটি শুরু হয়। তবে অনুষ্ঠান শুরুর আগেই দর্শকদের প্রবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, অনুষ্ঠানে প্রবেশের জন্য পাসের ব্যবস্থা থাকলেও আয়োজকদের অব্যবস্থাপনার কারণে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী দর্শকদের তীব্র ঠেলাঠেলির মধ্য দিয়ে প্রবেশ করতে হয়েছে। এই বিশৃঙ্খলার সুযোগে একটি সংঘবদ্ধ চক্র মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটে।

জানা গেছে, প্রায় তিন হাজার অতিথির জন্য আসনের ব্যবস্থা থাকলেও কয়েক হাজার অতিরিক্ত ব্যক্তি অনধিকার প্রবেশ করেন। অনেকে পুলিশি বাধা উপেক্ষা করে দেয়াল টপকে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন। এতে প্রধান ফটকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকলেও তারা কার্যকর ভূমিকা রাখতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

অনুষ্ঠানস্থলে উপস্থিত ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে হট্টগোল সৃষ্টি হয়। তিনি ভেতরে প্রবেশের পর বুঝতে পারেন তার মোবাইল ফোনটি নেই। পরে পুলিশকে বিষয়টি জানালে প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। 

আরও পড়ুন

এ সময় ছয়জন সাংবাদিক, একজন জেলা প্রশাসনের কর্মচারীসহ অন্তত ৪০ থেকে ৪৫ জন মোবাইল চুরির অভিযোগ জানান। তবে পুলিশের তেমন কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলেও তিনি দাবি করেন।

আমন্ত্রিত অতিথি আশরাফুল ইসলাম সবুজ বলেন, অনুষ্ঠানে শৃঙ্খলা বলতে কিছুই ছিল না। টিকিট বা পাস ছাড়াই হাজার হাজার মানুষ প্রবেশ করেছে। প্রধান ফটক ভেঙে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা দেখা যায়নি।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, ‘ইত্যাদি’ অনুষ্ঠান উপভোগ করতে জেলা ও জেলার বাইরে থেকে হাজার হাজার মানুষ এসেছেন। তাদের সঙ্গে হয়তো চোরও এসেছে। বেশ কয়েকজনের মোবাইল হারানোর বিষয়টি জেনেছি। থানায় অভিযোগ করা হলে ফোন উদ্ধারের চেষ্টা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইত্যাদির অনুষ্ঠান দেখতে যাওয়া শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি

বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ ফেরমিন লোপেজের

বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে : হাসনাত

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধ ‘মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’: আইআরজিসি

৪৪তম বিসিএস নন-ক্যাডারে ১০১ জনের মনোনয়ন বাতিল

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা দু’জনের যাবজ্জীবন