দেশের আট অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস
দেশের আট অঞ্চলে আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বা তীব্র ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার সকাল ৯টায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে-রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো আবহাওয়ার কারণে এই আট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুনএদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। নদীপথের যাত্রী ও নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







