কেরালায় সরকার গঠনের পথে কংগ্রেস জোট
আন্তর্জাতিক ডেস্ক : কেরালা বিধানসভা নির্বাচনের ভোট গণনায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউডিএফ ৯০টিরও বেশি আসনে এগিয়ে থেকে সরকার গঠনের পথে রয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) ৪০টির কিছু বেশি আসনে এগিয়ে থাকায় তাদের অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। অপরদিকে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) কয়েকটি আসনে সীমিত লিড ধরে রেখেছে।
সোমবার (৫ মে) সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার শুরুতেই পোস্টাল ব্যালটের ফলাফলে ইউডিএফের আধিপত্য দেখা যায়, যা বুথফেরত সমীক্ষার পূর্বাভাসের সঙ্গে মিল রেখেছে। প্রথম দফায় ইউডিএফ ৬০-৬৮টি আসনে এগিয়ে থাকলেও পরবর্তী রাউন্ডগুলোতে তাদের লিড দ্রুত বাড়তে থাকে এবং একপর্যায়ে তা ৯৫টির বেশি আসনে পৌঁছে যায়। এলডিএফের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে মন্ত্রিসভার একাধিক সদস্যের পিছিয়ে পড়া। মন্ত্রী ভিএন বাসবন, আর বিন্দু, বীণা জর্জ, জে চিঞ্চুরানি, রামচন্দ্রন কাদন্নাপল্লী ও এমবি রাজেশ নিজ নিজ আসনে উল্লেখযোগ্য ব্যবধানে পিছিয়ে রয়েছেন। পাশাপাশি বর্তমান বিধায়ক কে কে শৈলজা, দালিমা ও ইউ প্রতিভার পিছিয়ে পড়া বাম শিবিরের উদ্বেগ আরও বাড়িয়েছে।
সবচেয়ে চমকপ্রদ পরিস্থিতি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের আসন ধর্মডমে। তার দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনেও তিনি পিছিয়ে পড়েছেন। প্রথম দুই দফার গণনা শেষে ইউডিএফ প্রার্থী আব্দুল রশীদ দুই হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুননির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, এলডিএফের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী-যাদের মধ্যে ও আর কেলু, পি রাজীব, কেবি গণেশ কুমার, ভি আবদুরহিমান, একে শশীনন্দ্রন ও রশি অগাস্টিন রয়েছেন— নিজ নিজ আসনে পিছিয়ে পড়েছেন। এতে স্পষ্ট হচ্ছে, রাজ্যজুড়ে এলডিএফের বিরুদ্ধে ভোটারদের একধরনের অসন্তোষ কাজ করেছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








